পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সঙ্গে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রযুক্তি যোগ করে দেশটাকে এত দূর এগিয়ে এনেছেন। প্রযুক্তির উন্নয়নের কারণে আজ একজন ভিক্ষুকের কাছেও মুঠোফোন দেখা যায়।
গতকাল বুধবার দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের ফরিদাবাদ হরিবাসর মাঠে এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। সেখানে তিনি দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উদ্যোগে আয়োজিত গ্রাম বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। একই দিন তিনি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের পাকা সড়ক প্রশস্তকরণ ও নির্মাণকাজ শেষে ফলক উন্মোচন করেন।
আবুল হাসান মাহমুদ আলী বলেন, আগে একটি মুঠোফোনের দাম ছিল ১ লাখ ৩০ হাজার টাকা, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে ছিল। তখন একটি কোম্পানি ইচ্ছেমতো ব্যবসা করেছে। শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে চারটি মুঠোফোন কোম্পানিকে অনুমোদন দেন। প্রযুক্তির উন্নয়নের কারণে এখন ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রে বসে রাষ্ট্রের সব সেবা পাওয়া যায়।
অনুষ্ঠানে আলোকঝাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলম সভাপতিত্ব করেন। সেখানে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এসব কারণে আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আগামী দুই-এক বছরের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হব এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এটা সম্পূর্ণ শেখ হাসিনার অবদান।’
অনুষ্ঠানে মন্ত্রী ফরিদাবাদ গ্রামের ৯২টি পরিবার, তিনটি সেচ পাম্প ও দুটি দাতব্য চিকিৎসালয়ে বিদ্যুৎ-সংযোগের উদ্বোধন করেন। এর আগে তিনি কালীতলা থেকে ইছামতি শাহপাড়া প্রায় দুই কিলোমিটার ও খানসামা থেকে পাকেরহাট প্রায় নয় কিলোমিটার পাকা সড়ক প্রশস্ত করার কাজের উদ্বোধন করেন। পরে মন্ত্রী টংগুয়া বাজারে রামকলা হাট থেকে টংগুয়া বাজার পর্যন্ত পাকা সড়কের ফলক উন্মোচন করেন।