প্রযুক্তির উৎকর্ষের এ যুগেও পাটের সম্ভাবনা অমিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পাট দিবস উপলক্ষে গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে পাটপণ্য মেলার উদ্বোধন শেষে পাটসুতা দিয়ে জামদানি শাড়ির বুননকাজ দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা
জাতীয় পাট দিবস উপলক্ষে গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে পাটপণ্য মেলার উদ্বোধন শেষে পাটসুতা দিয়ে জামদানি শাড়ির বুননকাজ দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা

সোনালি আঁশ পাটের সুদিন ফেরাতে সরকার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তির এ উৎকর্ষের যুগেও পাটের সেই অমিত সম্ভাবনা রয়ে গেছে।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার জাতীয় পাট দিবস ও বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। এবারই দেশে প্রথমবারের মতো জাতীয় পাট দিবস পালিত হলো।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে সরকার গঠনের পর আওয়ামী লীগ পাটের সুদিন ফেরাতে বিভিন্ন পদক্ষেপ নেয়; যার অংশ হিসেবে দেশব্যাপী পাট দিবস ও পাটপণ্য মেলার আয়োজন করা হয়। তিনি বলেন, একসময় পাট বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের বৃহৎ খাত থাকলেও পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর দেশে যে হত্যা-ক্যু-ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়, সেখানে পাটেরও কপাল পোড়ার শুরু।
বিএনপি সরকারের আমলে পাটশ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ’৯১ সালে বিএনপি যখন সরকারে, তখন শ্রমিকেরা আন্দোলন করেছিল। আওয়ামী লীগ তখন শ্রমিকদের আন্দোলনের সঙ্গে যুগপৎ আন্দোলন করে পাটের ন্যায্যমূল্যের দাবিতে।’
বিশ্বব্যাংকের পরামর্শে ও অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার অসৎ উদ্দেশ্যে বিএনপি-জামায়াত সরকার আদমজী জুটমিল বন্ধ করে দেয় বলে অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট ’৯১ সালে ক্ষমতায় আসার পরই বিশ্বব্যাংকের পরামর্শে একটি চুক্তি করে যে পাটকলগুলো একে একে বন্ধ করে দেবে। তিনি বলেন, ‘বিএনপি যে চুক্তিটা করেছিল তাতে আড়াই লাখ বেল পাট রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার কথা।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার পাটপণ্য গবেষণায় গুরুত্ব দেয় বলেই আজ পাট থেকে প্রায় ৩৫ রকম পণ্য উৎপাদন করা যাচ্ছে।’
বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পাট খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯টি ক্যাটাগরিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেন।