প্রযুক্তির কাছে কুপোকাত
একটি পিকআপ নিয়ে পালাচ্ছিল ছিনতাইকারীরা! দূরনিয়ন্ত্রিত যন্ত্রের সাহায্যে গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেওয়ায় ধরা পড়ে পাঁচ ছিনতাইকারী। গতকাল রোববার ভোরে বাগেরহাট-মাওয়া সড়কের ফকিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।ছিনতাইকারীরা হলো: নড়াইলের সিংদিয়া বসুপাড়া গ্রামের সাগর মোল্লা (২৬), একই জেলার শিংগা গ্রামের রমজান আলী মোল্লা (২০), নড়াগাতির বাওইসোনা গ্রামের সিফাত ফকির (২২), লোহাগড়ার ইতনা গ্রামের মিন্টু গাজী (৩০) ও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সরাইকান্দি গ্রামের মনির শরীফ (২৪)।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোর চারটার দিকে ফকিরহাট এলাকা থেকে ছিনতাই হওয়া গাড়িটি উদ্ধার করা হয়েছে। এর দুই ঘণ্টা আগে রাত আড়াইটায় ছিনতাইকারীরা গোপালগঞ্জের কাশিয়ানী-গোপালগঞ্জ লিংক রোড থেকে পিকআপটি ছিনতাই করে। তারা মহাসড়কে সংঘবদ্ধ গাড়ি ছিনতাইকারী চক্রের সদস্য। ছিনতাই হওয়া পিকআপটি এনার্জি প্যাক নামের একটি প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানটি বৃহত্তর ফরিদপুর জেলায় গ্রামীণফোনের টাওয়ারে জ্বালানি তেল সরবরাহ করে। ঘটনার সময় রবিউল ইসলাম নামে প্রতিষ্ঠানের একজন টেকনিশিয়ান পিকআপে আড়াই শ লিটার জ্বালানি তেল নিয়ে কাশিয়ানী উপজেলার রামদিয়া গ্রামে যাচ্ছিলেন।পিকআপের চালক সাগর মোল্লা (২৫) বলেন, তাঁরা গোপালপুরে পৌঁছালে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ছিনতাইকারীরা তাঁদের গাড়ি থামায়। পরে ধারালো অস্ত্রের মুখে তাঁদের হাত-পা বেঁধে পাশের ধানখেতে ফেলে রেখে পিকআপ নিয়ে যায়। এ সময় ছিনতাইকারীরা তাঁদের দুজনের কাছে থাকা সাড়ে ১১ হাজার টাকা ও তিনটি মুঠোফোন ছিনিয়ে নেয়। এনার্জি প্যাকের প্রকৌশলী সালাহ উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমরা গ্রামীণফোন ও টাটা কোম্পানির সঙ্গে যোগাযোগ করি। তারা জিপিআরএস ব্যবহার করে পিকআপের ইঞ্জিন অচল করে দেয়।’ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বুঝতে পারেনি গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছে। তারা যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য ঠেলাঠেলি করে গাড়িটি খুলনার দিকে নিয়ে যাচ্ছিল। তাদের কাছ থেকে এক হাজার ৮০০ টাকা ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী দুপুরে গোপালগঞ্জ থানার পুলিশ ওই এলাকার একটি বাড়ি থেকে লুকিয়ে রাখা জ্বালানি তেল উদ্ধার করে। এই ঘটনায় গাড়ির চালক বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা করেছেন। গতকাল বিকেলে তাদের কাশিয়ানী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।