প্রযুক্তির খোঁজ, শেখার বিস্ময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সংগীত দিয়ে প্রতিযোগিতা শুরু হচ্ছে ঠাকুরগঁাওয়ের একটি স্কুলে
জাতীয় সংগীত দিয়ে প্রতিযোগিতা শুরু হচ্ছে ঠাকুরগঁাওয়ের একটি স্কুলে

ইন্টারনেটের ব্যবহার যে শুধুই সামাজিক যোগাযোগের জন্য নয়, রীতিমতো এটি একটি তথ্যের সাগর, সে সত্য উপলব্ধি করতে শিখছে সারা দেশের শিক্ষার্থীরা। ইন্টারনেটের ব্যবহারের ওপর উপস্থাপনা দেখার পর তাদের বিস্ময় যেন কাটে না।

ব্রাহ্মণবাড়িয়ার আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বিনতে হক বলেন, ‘বইয়ে ইন্টারনেটের নানা ব্যবহার বিধি বা সুবিধা সম্পর্কে পড়েছি, কিন্তু বাস্তবে ইন্টারনেট মানে আমি ফেসবুকই বুঝতাম। আজ নিজ চোখে দেখলাম এর ব্যবহার কত বিস্তৃত।’ এ বিস্তৃত দুনিয়ার বিস্ময় নেত্রকোনার আঞ্জুমান সরকারি আদর্শ উচ্চবিদ্যালয়ের তাশদীদ আব্বাসীর চোখে-মুখেও, ‘ইন্টারনেটে যে পড়াশোনাও করা যায়, তা আমি জানতামই না। যুক্তরাষ্ট্রের খান একাডেমির ভিডিও টিউটোরিয়াল সম্পর্কে জানতে পেরে আমি তো মুগ্ধ।’

এ গল্প শুধু সুমাইয়া বা তাশদীদই নয়। সারা দেশের দুই হাজার স্কুলের লাখো শিক্ষার্থীর গল্প এটি। কারণ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট সম্পর্কে সচেতনতা ও আগ্রহ তৈরির জন্য এবার তৃতীয়বারের মতো দেশব্যাপী আই-জেন প্রতিযোগিতার আয়োজন করছে গ্রামীণফোন ও প্রথম আলো।

নেত্রকোণা
নেত্রকোণা

এ আই-জেন প্রতিযোগিতায় অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০ মিনিটের নির্বাচনের প্রতিযোগিতার বাইরে পুরো তিনটি ঘণ্টা যেন উৎসব। শিক্ষা, বাণিজ্য, খেলাধুলা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য থেকে ইন্টারনেট নিরাপত্তা—সবকিছুর বার্তা দেওয়া হয়।
এমন মুগ্ধতার সাগরে ভাসছে লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী র‌্যাভেন জর্জ ফিনি, ‘আমি তো ইন্টারনেট উৎসব মানে জানতাম শুধু একটি প্রতিযোগিতা। কিন্তু এখানে এত কিছু জানা যায়, অংশ না নিলে জানতামই না।’ আর প্রথমবার আই-জেন প্রতিযোগিতায় অংশ নিয়ে সে স্কুল থেকে সেরা দশের একজন হয়েছে, সেই অনুভূতি জানাতেও ভুল করল না, ‘সার্টিফিকেট হাতে পেয়ে আমি মহা খুশি! আমি চাই পরবর্তী ধাপগুলোতে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়ে আমার স্কুলকে প্রতিনিধিত্ব করতে।’

বাগেরহাট
বাগেরহাট

জয়পুরহাট পুলিশ লাইনস স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ইশমাত জাহানের স্বপ্নও একই, ‘পত্রিকার পাতায় ‘আই জিনিয়াস গ্র্যান্ড মাস্টার’ হওয়ার গল্প আমি পড়েছি। তখন থেকেই স্বপ্ন ছিল ইন্টারনেট উৎসবে নিশ্চয় আমিও একদিন অংশ নেব। আজ সে স্বপ্ন কিছুটা পূরণ হলো আমার স্কুল থেকে সেরা দশের একজন হিসেবে নির্বাচিত হতে পেরে।’
শুধু অংশ নেওয়া স্কুল পর্যায়েরের শিক্ষার্থীরা নয়, শিখছেন উৎসব আয়োজক স্বেচ্ছাসেবীরাও। সারা দেশে আই-জেন উৎসব সফল করতে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। ইন্টারনেটের ব্যবহার, নিরাপত্তাবিষয়ক উপস্থাপনা থেকে স্কুলভিত্তিক প্রতিযোগী নির্বাচন। তাঁদেরই একজন নরসিংদী বন্ধুসভার সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। এ কাজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘আমারও ইন্টারনেট প্রাচুর্যতা সম্পর্কে অনেক কিছু অজানাই ছিল। শেখাতে গিয়ে নিজেও অনেক কিছু জানছি।’

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছেন সজীব মিয়া