প্রযুক্তির ছোঁয়ায় সচল রাখাইন তাঁত
আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় বরগুনা সদর ও তালতলী উপজেলার ১৪টি আদিবাসী রাখাইন পল্লিতে তাঁতশিল্পের সুদিন ফিরতে শুরু করেছে। হস্তচালিত তাঁতে আগে যেখানে একটি কাপড় বুনতে তিন-চার দিন সময় লাগত, সেখানে এখন সেমি-অটো তাঁতে এক দিনেই তিনটি কাপড় বুনে ফেলতে পারছেন রাখাইন তাঁতিরা।সম্প্রতি জার্মান সরকারের সহায়তায় স্থানীয় একটি বেসরকারি সংস্থা বিভিন্ন রাখাইন পল্লিতে বিনা মূল্যে ২৫টি সেমি-অটো তাঁত বিতরণ করার পর রাখাইন তাঁতিদের মধ্যে ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে। সারা বছর বেকার বসে থাকলেও শীত মৌসুমকে সামনে রেখে রাখাইন পল্লিগুলোতে দিন-রাত কাজ চলছে এখন। রাখাইন তাঁতিরা জানান, বছরের এ মৌসুমে তাঁদের তাঁতে বোনা কাপড়ের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। এ সময় দেশের বিভিন্ন স্থানের পর্যটনকেন্দ্রগুলোয় দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটকের সমাগম ঘটে। জানা গেছে, বরগুনা ও তালতলীতে বোনা কাপড় যাচ্ছে ঢাকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, কুয়াকাটাসহ দেশের বিভিন্ন এলাকায়। শীতে পর্যটকেরা কুয়াকাটা, রাঙামাটি, কক্সবাজারসহ দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে বেড়াতে আসবেন। পর্যটকদের চাহিদা অনুযায়ী তাই এসব এলাকার ব্যবসায়ীরা আগেভাগেই রাখাইনদের হস্তচালিত তাঁতে বোনা বাহারি রঙের কাপড়, যেমন—থামি, লুঙ্গি, শার্টপিস, ফতুয়া, গামছা, বিছানার চাদর, থ্রি-পিস ও হাতব্যাগ সংগ্রহ করছেন। আর এতে বেড়ে গেছে রাখাইন পল্লির তাঁতিদের ব্যস্ততা। পুরোনো ও নতুন প্রযুক্তির তাঁতের খটখট শব্দে হারানো সমৃদ্ধি ফিরে পাওয়ার স্বপ্ন দেখছেন রাখাইন তাঁতিরা।রাখাইন সমাজকল্যাণ সংস্থার জেলা শাখার সদস্যসচিব খে মংলা জানান, বরগুনা সদর ও তালতলী উপজেলায় ১৪টি আদিবাসী পল্লিতে প্রায় ৩২০টি হস্তচালিত তাঁত রয়েছে। এই তাঁতগুলো একদিকে রাখাইন পরিবারের আয়ের উৎসের পাশাপাশি ঐতিহ্যেরও সঞ্চারক। প্রায় ২০০ বছর ধরে তাঁত বুনে নিজেদের পরিধেয় কাপড়ের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করে জীবিকা নির্বাহ করেন আদিবাসীরা। কিন্তু সামাজিক প্রতিবন্ধকতা, প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে না পারায় কোণঠাসা হয়ে পড়ায় সে ঐতিহ্যকে ধরে রাখতে পারেননি তাঁরা। এখন ২৫টি আধুনিক প্রযুক্তির তাঁত বিতরণ করায় কাপড়ের উৎপাদন কয়েক গুণ বেড়ে গেছে। এতে এসব পরিবারের আয়ও বাড়তে শুরু করেছে।সরেজমিনে দেখা যায়, তালতলী সদরের রাখাইন পল্লিতে সেমি-অটো তাঁতে কাপড় বুননে ব্যস্ত সময় কাটাচ্ছেন ২৫-৩০ জন তাঁতি। খেচো রাখাইন (৩৫) নামের এক তাঁতি বলেন, ‘আগে হাতে চালানো তাঁতে কাপড় বুনতে অনেক সময় ও শ্রম যেত। এখন সেমি-অটো তাঁতে দুটোই কমে গেছে। মনে হয়, আমাদের আগের সুদিন ফিরে এসেছে।’অপর রাখাইন তাঁতি খেনাচিন (৪০) বলেন, ‘সুতায় আমরা কমপক্ষে আট ধরনের রঙের ব্যবহার করি। এসব রং কৃত্রিম নয়, প্রকৃতি থেকে নেওয়া। সুতায় রং করতে আমরা শাল, বকুলসহ বিভিন্ন গাছের পাতা ও বাকল ব্যবহার করি। এতে রং টেকসই হয়। আগে তিন-চার দিনে চাদর বুনে ৪০০-৪৫০ টাকায় বিক্রি করতাম। এখন দিনে এ রকম তিনটি কাপড় বুনে প্রায় দেড় হাজার টাকা আয় করতে পারছি।’