প্রযুক্তির নানা দিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘জীবন বদলে দিতে পারে ইন্টারনেট। তাই আমি এখন থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রেই ইন্টারনেটের সঠিক ব্যবহার করে প্রতিষ্ঠিত হতে চাই।’ কথাগুলো বলছিল চট্টগ্রামের বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া তানজিল। তবে চট্টগ্রামের কাফকো স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আনিকা তাহসিনের ইন্টারনেট ব্যবহারের উদ্দেশ্যটা অন্য রকম। পুরো বিশ্বকে হাতের মুঠোয় এনে বিভিন্ন মজার বিষয় নিয়ে কাজ করতে চায় সে। কেবল চট্টগ্রামের এ দুই শিক্ষার্থী নয়, ইন্টারনেট ব্যবহার করে গোটা দুনিয়াকে হাতের মুঠোয় আনার স্বপ্ন দেখছে সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সারা দেশেই প্রথম আলো-গ্রামীণ ফোন আই-জেন উত্সব নিয়ে উত্সাহ-উদ্দীপনার শেষ নেই শিক্ষার্থীদের মধ্যে। গত ২৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ উত্সবে ইন্টারনেটের খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পেরে উচ্ছ্বসিত ছিল শিক্ষার্থীরা।

কুমিল্লা
কুমিল্লা

প্রতিটি বিদ্যালয়ে উত্সবের শুরুতে ছিল কথামালা ও পরীক্ষার আয়োজন। তবে এসব ছাপিয়ে ইন্টারনেট ব্যবহার-বিষয়ক উপস্থাপনাগুলো মুগ্ধ করেছে শিক্ষার্থীদের। শুরুতে পরীক্ষা নিয়ে একটু ভয় কাজ করছিল ময়মনসিংহ কেবি হাইস্কুলের শিক্ষার্থী জোবায়েরের। তবে পরীক্ষা শেষে সে জানাল, জীবনের এই প্রথম দুশ্চিন্তা ছাড়া কোনো পরীক্ষায় অংশ নিল সে। রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ফেরদৌস নাঈম বলল, ‘পাস-ফেলের বিষয় ছিল না। ছিল না মা-বাবার বকা খাওয়ার চিন্তা। জীবনে এত আনন্দ নিয়ে আর কখনো পরীক্ষা দিয়েছি বলে মনে পড়ছে না।’
বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা গেল উত্সবে অংশ নেওয়া শিক্ষার্থী মাগুরা এজি একাডেমির তৌফিক হাসান চোখে-মুখে। আই-জেন উত্সবে এসে ইন্টারনেট-বিষয়ক অনেক তথ্য জেনেছে সে। কেমন লাগছে জানতে চাইলে উত্তেজিত কণ্ঠে বলল, ‘ইন্টারনেট ঘিরে রেখেছে আমাদের পুরো বিশ্ব। এটি জানা থাকলেও ইন্টারনেটের ব্যবহার জানতাম না। এখানে এসে ব্রাউজ করা শিখেছি। যেকোনো তথ্য এখন মুহূর্তেই জানতে পারব।’ কুমিল্লার নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তাসনিম তাসনুভা, নারী অধিকার রক্ষার কাজে ব্যবহার করতে চায় ইন্টারনেটকে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে নারী অধিকার রক্ষায় সবাইকে সচেতন করার লক্ষ্য তার। টাঙ্গাইলের ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অমিত হাসান জানায়, নিয়মিত বাসায় ইন্টারনেট ব্যবহার করা হলেও অজানা ছিল ইন্টারনেটের অনেক বিষয়। এ উত্সবে ইন্টারনেটের বিস্তারিত জানতে পেরে জীবনের প্রয়োজনে এ অর্জিত জ্ঞানকে কাজে লাগানোর প্রত্যয় তার।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছেন শিহাব জিশান

মাগুরা
মাগুরা
ঝিনাইদহ
ঝিনাইদহ