প্রযুক্তির পরশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী
নীলফামারী

প্রস্তুতিহীন পরীক্ষা! কিন্তু কারও চোখে-মুখে দুশ্চিন্তার লেশমাত্র নেই। বরং সবাই উৎসবের আমেজ নিয়ে দলবেঁধে ঢুকছে পরীক্ষার কক্ষে। পরীক্ষা, নাকি উৎসব—জিজ্ঞেস করতেই ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ওয়াসেক আরেফিন বলেন, ‘এখানে তো পাস বা ফেল করার বিষয় নেই, বরং শেখার অনেক কিছু আছে। আর পরীক্ষায় খারাপ করলে সব সময় বাসা থেকে বকা খেতে হয়, এখানে সেই চিন্তাও নেই!’
ওয়াসেক আরেফিনের কথার সুর খুঁজে পাওয়া গেল ভোলা আবদুর রব স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহানের কথাতেও, ‘আই-জেন উৎসব মানেই নতুন কিছু জানার সুযোগ। পরীক্ষা দিতে দিতেও যেন অনেক কিছু শিখলাম।’
দেশব্যাপী ২৫ এপ্রিল শুরু হওয়া এই উৎসব যেন হয়ে উঠেছে শিক্ষার্থীদের প্রাণের উৎসব। এরই মধ্যে শেষ হয়েছে উৎসবের প্রথম পর্যায়৷ ২০০০ স্কুল থেকে বাছাই করা হয়েছে ১০ জনের এক হাজারটি দল। দলগুলো ধাপে ধাপে জাতীয় পর্যায় পর্যন্ত নিজেদের স্কুলের প্রতিনিধিত্ব করবে; লড়বে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তি জানার এ প্রতিযোগিতায়৷
উৎসবটি নিজের প্রতিষ্ঠানে আয়োজন করতে পেরে বেশ খুশি খাগড়াছড়ি সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশাপূর্ণা চাকমা, ‘বর্তমান যুগ তথ্যের যুগ। ইন্টারনেটের বদৌলতে বিশ্বের সব তথ্য এখন হাতের মুঠোয়। এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের ইন্টারনেটের প্রতি আগ্রহ সৃষ্টি করবে। পাশাপাশি ইন্টারনেট সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনও করবে।’
প্রায় তিন ঘণ্টার এ উৎসব আয়োজনে প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াও থাকে দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ভূমিকা, প্রভাব ও এর গুরুত্ব নিয়ে ভিডিও উপস্থাপনায়। ইন্টারনেট ব্যবহারের সুবিধা তুলে ধরা ছাড়াও জানানো হয় ইন্টারনেটে কীভাবে নিরাপদ থাকা যায়৷

‘ইন্টারনেট নিরাপত্তা’ অংশের ভিডিও দেখে যেন মুগ্ধ পঞ্চগড় চিনিকল উচ্চবিদ্যালয়ের মৌমিতা খানম, ‘আমি তো নিয়মিত ইন্টারনেট ব্যবহার করি। কিন্তু নিরাপত্তা নিয়ে কখনো ভাবিনি। এ ভিডিও দেখে খুবই উপকৃত হলাম, নিজের নিরাপত্তার ব্যাপারে এখন সচেতন থাকব।’

আর ওদিকে প্রথমবারের মতো এ উৎসবে শামিল হওয়ার অনুভূতি জানাচ্ছিলেন কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মোজাহিদ হোসেন, ‘গতবার সপ্তম শ্রেণিতে পড়ার কারণে আমি উৎসবে অংশ নিতে পারিনি। তাই তখন থেকেই অপেক্ষায় ছিলাম ইন্টারনেট উৎসবের জন্য।’

বরিশালের অক্সফোর্ড মিশন মাধ্যমিক বিদ্যালয়ের আলফ্রেড অভিষেক বিশ্বাস অবশ্য একধাপ এগিয়ে, ‘আমি স্বপ্ন দেখি তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়ার। এ উৎসব আমাকে অনেক কিছু সম্পর্কে ধারণা দিয়েছে।’

প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছেন সজীব মিয়া