বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, ‘জনগণের কাছে তথ্যপ্রযুক্তিসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার খুব আন্তরিক। আমাদের তরুণ প্রজন্ম প্রযুক্তির বিকাশ ঘটিয়ে এই দেশকে ঠিকই একদিন বদলে দেবে। সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করে দেশকে বদলাতে হবে।’ প্রতিমন্ত্রী সাম্প্রতিক সময়ে মুসা ইব্রাহীমের এভারেস্ট জয়, পাটের জন্মরহস্য উন্মোচন এবং ক্রিকেটের শক্তিশালী নিউজিল্যান্ড দলকে ‘বাংলাওয়াশ’সহ কয়েকটি সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে দেশকে বদলে দেওয়ার আহ্বান জানান।সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। দেশের বিভিন্ন উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ছাড়াও জাপান, ইতালি, মালয়েশিয়া, জার্মানি, দক্ষিণ কোরিয়া, সুইডেন, চেক প্রজাতন্ত্রসহ কয়েকটি দেশের মনোনীত প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নিয়েছেন।সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম সফিউল্লাহ। বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন, আন্তর্জাতিক সম্মেলনের আহ্বায়ক ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন মোহাম্মদ ইকবাল এবং সদস্য-সচিব পুর ও পরিবেশ কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মুশতাক আহমেদ।ইয়াফেস ওসমান নিজের লেখা কবিতা ‘প্রযুক্তি প্রগতির পথ বলে গণ্য/ জিজিটাল বাংলাদেশ হবে সকলের জন্য।’ আবৃত্তি করে বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় মুঠোফোনে ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার্থীদের খরচ, সময় ও দুর্ভোগের কবল থেকে রক্ষা করেছে। এ পদ্ধতি প্রচলনের জন্য শাহজালাল বিশ্ববিদ্যালয় মডেল হিসেবে থাকবে।’বর্তমান প্রজন্ম দেশ বদলের নিয়ামক শক্তি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এখনকার প্রজন্মকে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। তরুণ প্রজন্মকে নৈতিক মূল্যবোধে তৈরি করে দেওয়া আমার দায়িত্ব। আমাদের সুখ-স্বাচ্ছন্দ্য ও ভোগ-লিপ্সা পরিহার করে আদর্শবান ব্যক্তি হিসেবে থাকতে হবে। তাহলে এই প্রজন্মের কাছে আমরা সম্মান রাখতে পারব এবং তারাও সেভাবে গড়ে উঠবে।’শিক্ষাবিদ এ এস এম সফিউল্লাহ বলেন, ‘একজন শিক্ষার্থী মুখস্থ করে প্রচুর নম্বর পেতে পারে। তবে তাতে তাঁর সৃজনশীলতার কোনো বহিঃপ্রকাশ ঘটে না।’উপাচার্য মো. সালেহ উদ্দিন বলেন, সরকারের উচিত, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ দেওয়া। এতে জাতি আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষায় তৈরি হবে।আলোচনা পর্ব শেষে আয়োজকদের পক্ষ থেকে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় মুঠোফোনে ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন করে কৃতিত্বের পরিচয় দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগকে ক্রেস্ট প্রদান করা হয়। এই বিভাগের প্রধান ও জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল ক্রেস্ট গ্রহণ করেন।বিশ্ববিদ্যালয়ের ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ দ্বিতীয়বারের মতো ‘কনফারেন্স অন ইঞ্জিনিয়ারিং, রিচার্স, ইনোভেশন অ্যান্ড এডুকেশন’ শিরোনামে এই সম্মেলনের আয়োজন করেছে। সহযোগিতায় রয়েছে প্রথম আলো ও এনার্জি প্রিমা লিমিটেড। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ১০টি সেশনে ভাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে শুরু হয় দিনব্যাপী টেকনিক্যাল সেশন। এসব পর্বে আমন্ত্রিত গবেষক ও বিজ্ঞানীরা বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন। বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়ে এসব পর্ব চলে বিকেল পাঁচটা পর্যন্ত। এসব পর্বে ১৯ জন বিশেষজ্ঞ সভাপতিত্ব করেন। আজ বুধবার সকাল নয়টায় ১৪টি সেশনে ভাগ হয়ে দ্বিতীয় দিনের সম্মেলন শুরু হবে। সম্মেলনের তিন দিনে প্রায় ৩৫০ জন গবেষক, বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং প্রকৌশলী ৩৮০টির মতো প্রবন্ধ উপস্থাপন করবেন।