প্রযুক্তির মূলে রয়েছে গণিতের যোগসূত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বাংলাদেশের যে অগ্রযাত্রা চলছে তাতে গণিতের প্রায়োগিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই স্বপ্নের অভিযাত্রায় সবচেয়ে বেশি প্রয়োজন প্রকৌশল ও প্রযুক্তির ব্যবহার। আর এই প্রকৌশল ও প্রযুক্তির মূলেই রয়েছে গণিতের যোগসূত্র।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের সম্মেলনকক্ষে ‘গণিত ও এর প্রয়োগ’ শীর্ষক প্রথম জাতীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে চুয়েটের গণিত বিভাগ। এতে দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শ শিক্ষক ও গবেষক অংশ নেন।
সম্মেলনের প্রধান অতিথি চুয়েটের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘গণিত থেকেই বিজ্ঞান ও প্রকৌশল-প্রযুক্তির প্রসার ঘটে। গণিতবিদেরা হলেন জাদুকরের মতো। তাঁদের হাতে আছে সমস্যা সমাধানের জাদুর কাঠি।’
চুয়েটের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম বলেন, গবেষক ও বিজ্ঞানীদের মধ্যে সেতুবন্ধ তৈরিতে ভূমিকা রাখবে এ ধরনের সম্মেলন। এখান থেকে তরুণ গবেষকেরা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পাবেন।
সম্মেলনের আমন্ত্রিত অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত আয়ের দেশে পরিণত করার চেষ্টা চলছে। এটি করতে হলে টেকসই উন্নয়নের প্রয়োজন রয়েছে। এই উন্নয়ন হতে হবে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন। আর বিজ্ঞান ও প্রযুক্তির মূল চাবিকাঠি হচ্ছে গণিত।
চুয়েটের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক সুনীল ধরের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক আশুতোষ সাহা, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক সাজেদা বানু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম রিসার্চ সেন্টার ফর ম্যাথমেটিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের পরিচালক অধ্যাপক আবুল মনসুর চৌধুরী, চুয়েটের গণিত বিভাগের শিক্ষক উজ্জ্বল কুমার দেব প্রমুখ।
দিনব্যাপী এই সম্মেলনে ২০টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আবুল মনসুর চৌধুরী ও অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ।