শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘তরুণ প্রজন্মকে আধুনিক ডিজিটাল বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলাই আমাদের শিক্ষাব্যবস্থার মুখ্য উদ্দেশ্য।’
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আয়োজনে গতকাল মঙ্গলবার কক্সবাজারের একটি হোটেলে ইন্টারন্যাশনাল ফোরাম অন স্ট্রাটেজিক টেকনোলজি-আইফস্টের নবম সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
কৌশলগত প্রযুক্তিবিষয়ক তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম ও আইফস্টের সভাপতি চি মও পার্ক।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের ভারসাম্য এবং ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশ প্রযুক্তির যথার্থ ব্যবহারের মাধ্যমে পূর্ণ গতিতে এগিয়ে চলছে।
জামিলুর রেজা চৌধুরী তাঁর বক্তব্যে বাংলাদেশের কাজে লাগে এমন ক্ষেত্রে কীভাবে প্রযুক্তির ব্যবহার বাড়ানো যায়, সে বিষয়ে গবেষকদের সুদৃষ্টি কামনা করেন।
মো. জাহাঙ্গীর আলম বলেন, এ সম্মেলনের মাধ্যমে চুয়েটকে বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে তোলার পথ আরও সহজতর হলো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কৌশিক দেব। সভাপতিত্ব করেন চুয়েটের সহউপাচার্য রফিকুল আলম।
আয়োজক কমিটি জানায়, বাংলাদেশের ৩০০ জন ও বিদেশের ২৫০ জন গবেষক তাঁদের সর্বশেষ গবেষণালব্ধ ফলাফল সবার সামনে তুলে ধরার জন্য সম্মেলনে উপস্থিত হয়েছেন।
২৩ অক্টোবর সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান।
চুয়েট এবং কোরিয়া, রাশিয়া, চীন, মঙ্গোলিয়া ও ইন্দোনেশিয়ার আটটি শিক্ষা ও গবেষণামূলক প্রতিষ্ঠান আইফস্টের সদস্য।