প্রযোজকদের বিপুল ক্ষতি, মামলার প্রস্তুতি চ্যানেল ওয়ান কর্তৃপক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান বন্ধ হয়ে যাওয়ায় তাত্ক্ষণিকভাবে নাটক নির্মাতা প্রতিষ্ঠানগুলোর (প্রোডাকশন হাউস) প্রায় তিন কোটি টাকা আটকে গেছে। এ ছাড়া নাটকসহ ধারাবাহিক অনুষ্ঠানের অগ্রিম পর্ব তৈরির পুরো টাকাই গচ্চা যাওয়ার উপক্রম হয়েছে। এর আগেও এক-এগারোর সময় এই প্রতিষ্ঠানটির কাছে নির্মাতাদের বড় অঙ্কের টাকা আটকে ছিল। নির্মাতাদের আন্দোলনের মুখে সমঝোতার মাধ্যমে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ ভেঙে ভেঙে সে টাকা দেওয়া শুরু করলেও এখনো এক কোটি টাকার মতো আটকে আছে নির্মাতাদের। এদিকে সম্প্রচার বন্ধের নির্দেশ উদ্দেশ্যপ্রণোদিত ও অবৈধ দাবি করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে চ্যানেল ওয়ানের পরিচালনাকারী প্রতিষ্ঠান ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেড। আগামী রোববারে এ সংক্রান্ত রিট পিটিশন দায়ের করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা আহমেদ আজাম খান। তরঙ্গ ব্যবহারের শর্ত ভঙ্গ ও কারিগরি অনিয়মের অভিযোগে গত মঙ্গলবার সন্ধ্যা ছয়টা ৪০ মিনিটে চ্যানেল ওয়ানের সম্প্রচ ার বন্ধ করে দেয় বিটিআরসি। ২০০৬ সালের ২৪ জানুয়ারি চ্যানেল ওয়ান আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক তারিক আনাম খান বলেন, পুরোনো অনুষ্ঠান বা নাটক বাদ দিয়েই যেসব ধারাবাহিক নাটক চলছিল, তাতেই অনেক ক্ষতি হয়েছে। যেসব নাটক বা অনুষ্ঠান চলমান, তাতেই আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটি টাকা। গতকাল সন্ধ্যায় এ বিষয়ে সংগঠনের কার্যকরী কমিটি জরুরি বৈঠক করেছে বলেও জানান তিনি। চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়ছেন এর সাড়ে ৪০০ কর্মী। তাঁরা এ বিষয়ে সরকারের সহানুভূতি কামনা করেছেন। গতকাল সকাল থেকে চ্যানেল ওয়ানের কর্মীরা জড়ো হন গুলশানের প্রধান কার্যালয়ে।সংবাদ সম্মেলন: বিকেলে চ্যানেল ওয়ান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্তৃপক্ষ দাবি করেছে, তারা কোনো অবৈধ কাজ করেনি। এর পরও যদি কোনো ত্রুটি হয়ে থাকে তা শোধরানোর জন্য সময় দেওয়া উচিত ছিল। চ্যানেলটির পরিচালক মাজিদুল ইসলাম কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা আগামী ছয় মাস পর্যন্ত বেতন-ভাতা নিয়ে চিন্তা করবেন না। আবারও চ্যানেল ওয়ান ফিরে আসবে।’