প্ররোচনা দেওয়া চেয়ারম্যানের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার নরদাশ ইউনিয়ন গ্রাম পুলিশ আবু জাফরের আত্মহত্যার প্ররোচনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। জাফর শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে ক্ষোভে-লজ্জায় গত বৃহস্পতিবার আত্মহত্যা করেন।
এলাকার অনেকে জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জাফরের লাশের ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতে একটি অ্যাম্বুলেন্সে করে তাঁর লাশ গ্রামের বাড়ি পূর্বদৌলতপুরে আনা হয়। এ সময় লাশ নামিয়েই লাশের সঙ্গে আসা জাফরের স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান। বিষয়টি জানার পর গতকাল শুক্রবার এলাকার লোকজন ক্ষোভে ফেটে পড়েন। এলাকার তিন সহস্রাধিক লোক বাড়ির পাশে বাঁধেরহাটে জড়ো হয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা স্থানীয় নরদাশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে নির্যাতন এবং আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনেন। বেলা ১১টার দিকে ইউপি চেয়ারম্যান আবদুর রশিদ ঘটনাস্থলে এলে লোকজনের তোপের মুখে পড়েন। অবস্থা বেগতিক দেখে তিনি চলে যান। এলাকাবাসী আরও জানান, এ ঘটনার কোনো সুরাহা না হওয়া পর্যন্ত তাঁরা লাশের দাফন করবেন না। গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জাফরের লাশ দাফন করা হয়নি।