প্ররোচনাকারীদের শাস্তি চেয়ে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় কিশোরী আফরোজা খাতুনকে (১৬) আত্মহত্যার প্ররোচনা দানকারীদের শাস্তির দাবিতে মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বুধবার সকালে সচেতন নাগরিক ঐক্যের ব্যানারে মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টা থেকে বিভিন্ন গ্রাম থেকে কয়েক শ নারী কলারোয়া উপজেলা পরিষদের সামনে জড়ো হন। পরে তাঁরা সচেতন নাগরিক ঐক্যের ব্যানারে মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন এবং উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দড়ি দিয়ে বেঁধে বাজার ঘোরানো ও মানসিক নির্যাতন করায় লজ্জা, ক্ষোভ এবং দুঃখে কিশোরী আফরোজা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এমন বর্বর ঘটনা মেনে নেওয়া যায় না। একটি প্রভাবশালী মহল এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। তারা নানা কৌশলে গ্রেপ্তারকৃত চেয়ারম্যানসহ অন্যদের মুক্ত করার চেষ্টা ও তদবির চালাচ্ছে। বক্তারা পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান।
মানববন্ধনে মহিলা পরিষদের সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আঞ্জুয়ারা বেগম, লিগ্যাল এইড সম্পাদক তৈয়েবা আক্তার, পাপিয়া মুলতানা প্রমুখ বক্তব্য দেন।
কিশোরী আফরোজার পরিবারের ভাষ্য, মেয়েটি গত শুক্রবার বিকেলে সোনাবাড়িয়া বাজারের একটি দোকানে মোবাইল ফোনের ফ্লেক্সিলোড করতে যায়। এ সময় স্থানীয় কয়েকজন লোক একটি ছেলেসহ আফরোজাকে আটক করে ‘আপত্তিকর সম্পর্কের’ অভিযোগ তোলে। পরে চৌকিদার ইসমাইল হোসেন অন্যদের সহায়তায় তাদের দুজনকে বেঁধে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে যান। এরপর চেয়ারম্যান দুজনকে মারধর করেন। পরের দিন শনিবার দুপুরে মেয়েটি আত্মহত্যা করে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, আফরোজার ভাই ইব্রাহিম খলিল বাদী হয়ে কলারোয়া থানায় সাতজনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, চৌকিদার ইসমাইল হোসেন, মুঠোফোন রিচার্জ ব্যবসায়ী হাসান আলী এবং জয়দেব দাশকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা গত রোববার আদালতে জামিন প্রার্থনা করেন। আদালত আজ বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন।