প্ররোচনায় পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কিছু ব্যক্তির প্ররোচনায় বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ নিয়ে আপনারা জানেন অনেক তোলপাড় হয়ে গেল। সেটা আর কিছুই নয়, এখানে একটা অন্য উদ্দেশ্য ছিল। পদ্মা সেতুর ব্যাপারে একেবারে কোনো কারণ ছাড়াই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট তাঁর যাওয়ার শেষ দিন, বোর্ডে যেটা অনুমোদন হয়নি, কিন্তু কোনো একটা মহলবিশেষ, যেখানে আমাদের দেশের কিছু লোক আছে, আমেরিকার তো আছেই, তাদের প্ররোচনায় এই সেতুতে বরাদ্দটা তারা বাতিল করল।’
গতকাল রোববার যোগাযোগ মন্ত্রণালয় পরিদর্শনে এসে মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিশ্বব্যাংক একটা প্রতিবেদন পাঠাল। কার ডায়েরিতে নাকি লেখা আছে কে কত পারসেন্ট পাবে। তারা অনেক চালাকি করেছে। নানা শর্ত জুড়ে দেয়। একবার বলে অমুক অমুককে বাদ দিতে হবে। আবার বলে ওদের অ্যারেস্ট করলে অর্থ পাওয়া যাবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি উনাদের সরাসরি বললাম, আমার সঙ্গে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই দেখা করে গেলেন, আলোচনা করে গেলেন, আচ্ছা ঠিক আছে আমি ডায়েরিতে লিখে নিচ্ছি, অমুক অমুক দেখা করেছেন, এই প্রজেক্টের কথা বলেছেন, এই প্রজেক্টে অমুক অমুক এত পারসেন্ট পাবে। এইটা যদি আমি ডকুমেন্ট হিসেবে নিই...আমাদের অফিশিয়ালরাও যখন যেখানে কথা বলতে যাবেন সবাইকে বলব ডায়েরিতে লিখে নিতে।’
বিশ্বব্যাংকের সঙ্গে বিভিন্ন সময় নানা দ্বিমত হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বিশ্বব্যাংক বিআরটিসি বন্ধ করে দিতে বলেছিল। বিএনপি সরকার এসে বিআরটিসি বন্ধ করে দেওয়ারও উদ্যোগ নিয়েছিল। তাঁর সরকার চালু রেখেছে এবং লাভজনক হয়েছে। একইভাবে খুলনা শিপইয়ার্ডও বিশ্বব্যাংকের পরামর্শে বন্ধ ছিল।
পদ্মা সেতু প্রকল্পকে ঘিরে নানা পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, পদ্মাকে ঘিরে দুই পাড়ে হংকংয়ের আদলে শহর গড়ে তোলা হবে। অর্থমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। সেখানে একটা ভালো কনভেনশন সেন্টার করা হবে। পাশাপাশি বাণিজ্য মেলাটাও যদি ওখানে করা যায় তাহলে ওই জায়গা উন্নত হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘নেপাল ভুটান যাতে ট্রানজিট পায় আমি ভারতকে অনুরোধ করেছি এবং তারা রাজি হয়েছিল। আমরা এখানে বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল অর্থাৎ ত্রিদেশীয় একটা জোটের মতো করে বিদ্যুৎ উৎপাদন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে বিশেষভাবে নজর দিয়েছি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘নেপাল, ভুটান এবং ভারতের সাতটি রাজ্যের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং আমাদের চট্টগ্রাম, মংলা এবং নতুন যে পায়রা বন্দর হচ্ছে এগুলো যাতে ব্যবহার করতে পারে সে বিষয়েও তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং এ বিষয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে।’
শেখ হাসিনা বলেন, সৈয়দপুর বিমানবন্দর ব্যবহারের জন্য তিনি ভুটানকে প্রস্তাব দিয়েছেন। এই বিমানবন্দর আরও আধুনিকায়ন করা হবে।
এই বক্তৃতা অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী যোগাযোগ মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। এ সময় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রণালয়ের সচিব এম এ এন সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।