প্ররোচনা মামলার আসামি সাইফুল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার স্কুলছাত্রী কমলা বেগম সেঁজুতির আত্মহনন প্ররোচনা মামলার প্রধান আসামি সাইফুল ইসলামকে গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, মামলার বাদী সেঁজুতির মা হাফিজা বেগম ও তাঁর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।পুলিশ জানায়, সাইফুল ঢাকা থেকে বাকেরগঞ্জে আসছেন—এমন খবর পেয়ে পুলিশ উপজেলার বেয়ালিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে তল্লাশি চৌকি বসায়। পরে সাকুরা পরিবহনের একটি বাস থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়।বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, সাইফুলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া সেঁজুতির মা ও তাঁর পরিবারের সদস্যদের হুমকির অভিযোগে বৃহস্পতিবার থানায় একটি জিডি হয়েছে। তাঁদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।সেঁজুতির মা হাফিজা বেগম প্রথম আলোকে বলেন, ‘গ্রামের এক ব্যক্তি আসামিদের পক্ষে আমাদের নানাভাবে হুমকি দিচ্ছেন। মেয়ের হত্যাকারীদের বিচার চাইতে গিয়ে এখন আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’ধর্ষণের বিচার না পেয়ে গত ২১ অক্টোবর আত্মহত্যা করে বাকেরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের স্কুলছাত্রী সেঁজুতি।