প্ররোচনা মামলার আসামিদের বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদিবাসী কিশোরী শিউলী রানীর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।গতকাল রোববার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে দুপুর পৌনে ১২টা থেকে বেলা পৌনে একটা পর্যন্ত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন হিরেন রাই, কর্নেলিউস মুরমু, আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতা অনিল মারান্ডি, বিমল রাজোয়ার, সংগঠনের জেলা শাখার সভাপতি বিচিত্রা তির্কি, শিউলী রানীর বাবা ইন্দ্রজিৎ রাই, সিপিবি নেতা ইসরাইল সেন্টু প্রমুখ।বক্তারা বলেন, সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের আমারক গ্রামের আদিবাসীদের উচ্ছেদ করার ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি কুচক্রী মহল আদিবাসীদের ওপর একের পর এক নিপীড়ন চালাচ্ছে। এর ধারাবাহিকতায় ৮ ডিসেম্বর বিকেলে জমি থেকে খড় মাথায় নিয়ে আসার পথে মায়ের সামনে শিউলীকে (১৪) জাপটে ধরে যৌন হয়রানি করে কয়েকজন বখাটে। পরে গ্রামের লোকজন গিয়ে খাইরুল নামের এক বখাটেকে আটক করে। কিন্তু বখাটেদের মদদদাতারা চাপ প্রয়োগ করে খাইরুলকে ছাড়িয়ে নেয়। এরপর শিউলী বিষপানে আত্মহত্যা করে। ঘটনার পর খাইরুলকে গ্রেপ্তার করা হলেও ঘটনার মদদদাতাদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আদিবাসীদের গ্রামছাড়া করার হুমকি দিচ্ছে। আসামিদের ১৫ দিনের মধ্যে গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধন শেষে আদিবাসীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি দেয়।