প্ররোচনাকারীকে দেড় মাসেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার কোনাভাওয়াল গ্রামের স্কুলছাত্রী পিংকির আত্মহত্যার পর দেড় মাস পেরিয়ে গেছে। কিন্তু আত্মহত্যায় প্রচোরচনায় অভিযুক্ত তবারক শেখকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।পরিবারের অভিযোগ, কোনাভাওয়াল গ্রামের আলফাতুন ভূঁইয়ার মেয়ে ও পুরুড়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী পিংকিকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে প্রতিবেশী মো. জারু শেখের ছেলে তবারক প্রায়ই প্রেম নিবেদন করত। এতে সাড়া না দেওয়ায় তাকে গালিগালাজ ও নানা হুমকিও দিত। এভাবে নির্যাতনের শিকার হয়ে পিংকি মানসিকভাবে ভেঙে পড়ে। ৫ এপ্রিল সকালে বাড়িতে বাবা-মায়ের অনুপস্থিতিতে পিংকি নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাতেই সে মারা যায়।এ ব্যাপারে পিংকির মা লতিফা আক্তার তাড়াইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, মৃত্যুর আগে পিংকি তার মাকে বলে গেছে, তবারকের অত্যাচার সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি বর্তমানে কিশোরগঞ্জের গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমজাদ হোসেন জানান, তদন্ত প্রায় শেষ পর্যায়ে। শিগগির অভিযোগপত্র দেওয়া হবে। আসামিকে ধরার চেষ্টা চলছে।