প্ররোচনাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
কিশোরগঞ্জের ভৈরবে নবম শ্রেণীর ছাত্রী হাসি আক্তারের আত্মহননে প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার হওয়া হাসনাইন মো. সুসিঞ্চতের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। মেয়েটির বিদ্যালয় মুর্শিদ-মুজিব উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা গতকাল সোমবার বিদ্যালয় সড়কে এই কর্মসূচি পালন করে।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, অকালে হাসির জীবন ঝরে পড়ার পেছনে মূল কারণই হাসনাইন। তাঁর দায়িত্বহীনতা ও মানবতাবোধহীন মনোভাবই হাসিকে আত্মহত্যার পথে ঠেলে দিয়েছে। তাই হাসনাইনের বিচারের দাবিতেই তারা পথে নেমেছে।
হাসির সহপাঠী দুটি মেয়ে জানায়, মৃত্যুর আগের দিনও সে বিদ্যালয়ে এসেছিল। ফেসবুকে ছবি ছড়িয়ে পড়ায় আর তার পক্ষে বিদ্যালয়ে আসা সম্ভব হবে না বলে জানিয়েছিল।
প্রধান শিক্ষক মোজাম্মেল হক বলেন, ‘আমরা সুসিঞ্চতের (হাসনাইন) চূড়ান্ত বিচার চাই। প্রয়োজনে আমরা আবার মাঠে নামব।’ ফেসবুক ব্যবহারে শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
এদিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফত উল্লাহ বলেন, ‘ঘটনার রাতেই আমরা সুসিঞ্চতকে গ্রেপ্তার করেছি। এরই মধ্যে ছেলেটি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।