প্রলোভন নরসিংদীর গ্রামে গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার হাতছানি নরসিংদীর গ্রামে গ্রামে। দালালদের প্রলোভনে সচ্ছলতার স্বপ্ন নিয়ে যুবকেরা যাচ্ছেন টেকনাফে। সেখান থেকে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে রওনা হচ্ছেন মালয়েশিয়া৷ অনেকের সেই স্বপ্ন শেষ হচ্ছে মৃত্যু কিংবা গ্রেপ্তার হওয়ার মধ্য দিয়ে। সম্প্রতি মালয়েশিয়া যাওয়ার পথে সাগরে নরসিংদীর চার তরুণের মৃত্যুর পর বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকার মানুষ।
নরসিংদীর সাধারণ মানুষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে জানা গেছে, বছর খানেক ধরে নরসিংদীর তরুণদের স্বল্প খরচে মালয়েশিয়া যাওয়ার লোভ দেখিয়ে দালালেরা তাঁদের টেকনাফে নিয়ে যাচ্ছে। এভাবে মালয়েশিয়া যাওয়ার পথে গত ২২ মে নরসিংদী সদর উপজেলার নুরালাপুর গ্রামের আসাদ মিয়া (৩৬), মোহাম্মদ কাউসার (৩০), মহসিন মিয়া (৩৫) ও আবদুল মোতালিব (৩১) মারা যান বলে খবর আসে।
মৃত আসাদের বাবা আবু সাঈদ পেশায় দিনমজুর। প্রথম আলোকে তিনি জানান, তাঁর একমাত্র ছেলে আসাদ টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করতেন। গত ২৮ এপ্রিল তিনি বাড়ি থেকে বের হয়ে যান। কয়েক দিন পরে মুঠোফোনে জানান, তিনি ও কাউসারসহ আরও দুজন জাহাজে করে মালয়েশিয়া যাচ্ছেন। পরে গত ২২ মে আমিরুল নামের একজন বিদেশ থেকে মুঠোফোনে কাউসারের ভাই রফিজ উদ্দিনকে জানান, আসাদ, কাউসারসহ নরসিংদীর চারজন মারা গেছেন।
রফিজ উদ্দিন প্রথম আলোকে জানান, ‘আমিরুল জানিয়েছেন, তাঁরা কয়েক শ লোক একই জাহাজে করে মালয়েশিয়া যাচ্ছিলেন। আসাদ, কাউসারসহ নরসিংদীর চারজন খাবার ও পানির সংকটে দুর্বল হয়ে মারা গেলে তাঁদের লাশ সাগরে ভাসিয়ে দেওয়া হয়। ওই জাহাজের মোট ২৭ জন এভাবে মারা গেছেন।’
স্থানীয় লোকজন জানান, গত এক বছরে সদর উপজেলার মহিষাশুরা, কাঁঠালিয়া, নুরালাপুর ও পাইকারচর ইউনিয়নের অন্তত এক হাজার লোক মালয়েশিয়া গেছেন। এর মধ্যে নুরালাপুর গ্রামের রহিজ উদ্দিনের ছেলে মোমেন (৩০), আবদুস ছাত্তার মিয়ার ছেলে বন্যা মিয়া (২৫), খিদিরকান্দী গ্রামের সুরুজ মিয়ার ছেলে দুলাল মিয়া (২৯), রফিকুল মিয়ার ছেলে সেলিমসহ (১৮) অনেকেরই কোনো খোঁজ নেই। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তাঁরা বেঁচে থাকলেও অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার কারণে তাঁদের কেউ কেউ হয়তো গ্রেপ্তার হয়েছেন, কেউ কেউ গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন৷
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম কাশেম জানিয়েছেন, তাঁরা এ ধরনের ঘটনা শুনলেও লিখিত অভিযোগ পাননি৷ তাই কোনো ব্যবস্থাও নিতে পারেননি।
নুরালাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু ছালেহ চৌধুরী বলেন, ‘দালাল চক্র পরিবারকে না জানিয়েই যুবকদের মালয়েশিয়া যাওয়ার লোভ দেখিয়ে সাগরপথে নিয়ে যায়। পরে পরিবারের কাছে টাকা চায়। এভাবে অনেকেই প্রতারিত হচ্ছেন৷’
জানতে চাইলে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নরসিংদীর সহকারী পরিচালক মালিক মো. তৈমুর গোফরান গতকাল প্রথম আলোকে বলেন, ‘সাগরপথে টেকনাফ দিয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা অবৈধ। সম্প্রতি নরসিংদীর লোকজনও এভাবে মালয়েশিয়া যাওয়ার পথ বেছে নিয়েছে৷ এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে বিলবোর্ড লাগানোসহ বৈধভাবে বিদেশে যেতে উৎসাহিত করতে সচেতনতামূলক আরও কর্মসূচি নেওয়া হবে।’