গান, নাচ, আবৃত্তি আর কথামালায় গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের ডিসি হিলে শেষ হলো দুই দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, আকাশ সংস্কৃতির আগ্রাসন আর প্রলোভনের যুগে লোকসংস্কৃতি এখন হুমকির মুখে।
গতকাল আলোচনা সভায় সভাপতিত্ব করেন উৎসবের আয়োজক সমাজ সমীক্ষা সংঘের সভাপতি কাজী মাহমুদ ইমাম। বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক মোবাররা সিদ্দিকা এবং বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের মহাব্যবস্থাপক ইনাম আহমেদ।
বক্তারা বলেন, লোকসংস্কৃতি এ মাটির শত বছরের ঐতিহ্য। নতুন প্রজন্মকে দেশের কৃষ্টি-সংস্কৃতি, ঐতিহ্য জানতে হবে। পৃথিবীর খুব কম দেশেই বাংলাদেশের মতো সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। তাঁরা বলেন, প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর আগ্রাসী চ্যালেঞ্জকে মোকাবিলা করতে লোকসংস্কৃতিকে মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সমাজ সমীক্ষা সংঘের পরিচালক শিহাব চৌধুরী ও উৎসব উদ্যাপন কমিটির সদস্যসচিব তাপস রায়।
পরে লোকসংস্কৃতি উৎসব উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক আয়োজনে গান শোনান শিল্পী এস্তফা খানম, জাহাঙ্গীর আজাদ, প্রেমসুন্দর বৈষ্ণব, শাহনাজ হাশেম, রায়হান কায়সার ও লাভলী দেব। নৃত্য পরিবেশন করে আরিয়ান রাখাইন শিল্পীগোষ্ঠী।
সবশেষে ছিল গানের দল জলের গানের পরিবেশনা।