প্রলয়ংকরী একানব্বই মনে পড়ে যায় তাঁদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১৯৯১ সালে মরে যেতাম। পানির তোড় ভাসিয়ে নিয়ে যায় আমাকে। পরে কোনোরকমে গাছ ধরে বেঁচে যাই। তবে ভাসিয়ে নিয়ে গেছে আমার বোনকে। লাশও পাওয়া যায়নি। যারা ওই ঝড় দেখেনি, তারা ভয় পাচ্ছে না। কিন্তু আমরা সত্যি চিন্তিত।’ পতেঙ্গা বেড়িবাঁধের ওপর নিজের দোকানে বসে চল্লিশোর্ধ্ব মো. নাছির উদ্দিনের মনে পড়ে যায় ১৯৯১ সালের প্রলয়ংকরী ঝড়ের কথা। বেড়িবাঁধের কাছে ফুলছড়িপাড়ার বাসিন্দা তিনি। সমুদ্রসৈকত এলাকায় স্পিডবোটের ব্যবসা রয়েছে তাঁদের পরিবারের। গতকাল মঙ্গলবার দুপুরে দোকানে বসে তিনি আনমনে তাকিয়ে ছিলেন সাগরের দিকে। ‘মহাসেন’ নিয়ে ভাবনা কী, জানতে চাইলে তিনি এ কথাগুলো বলেন। ১৯৯১ সালের সেই স্মৃতি এই পতেঙ্গা, কাট্টলী ও হালিশহর উপকূলের মানুষকে আতঙ্কগ্রস্ত করছে। পাশাপাশি সেখান থেকে তারা শিক্ষা নিয়েছে। এখনই প্রস্তুতি নিতে শুরু করেছে তারা। সরেজমিন দেখা যায়, পতেঙ্গা সৈকত এলাকায় চলা স্পিডবোটগুলো সাগর থেকে তুলে বাঁধের ওপর একটির সঙ্গে একটি বেঁধে রাখা হয়েছে। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, একানব্বইয়ের ঝড়ে পতেঙ্গার ফুলছড়িপাড়ায় মারা গেছে ১০ জন। সেই ঝড়ে মারা গিয়েছিল কাট্টলী, হালিশহর, খেজুরতল ও পতেঙ্গার অনেক মানুষ। পতেঙ্গা চরপাড়ায় মারা গিয়েছিল ২৫ জন। জেলে জয়নাল তখন কিশোর। গতকাল গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বাঁধের ওপর জয়নাল জানান, সেই ঝড়ে তাঁর বাবা অলি আহমদ ভেসে গিয়েছিলেন। পরে লাশ পাওয়া যায়। জয়নাল বলেন, ‘আমরা পাঁচ ভাই গাছের ওপর উঠে কোনোরকমে বেঁচেছিলাম। বাতাস শুরু হলে মহিলাদের অনেক কষ্টে বড় ভবনে পাঠিয়ে দিয়েছিলাম। তখন ভেবেছিলাম, কিছু হবে না। তাই আগে থেকে চিন্তা করিনি।’ একানব্বইয়ের ঝড়ে একই এলাকা চরপাড়ার নাসিমা হারিয়েছেন বাবা-মা ও তাঁদের বড় বোনকে। এবারও নতুন করে আতঙ্ক তৈরি করেছে মহাসেন।