প্রশমনসেবা সম্প্রসারণের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাময়-অযোগ্য রোগীদের প্রশমনসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা।

আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তারা এ আহ্বান জানান।

অনুষ্ঠানটির আয়োজক ছিল বিএসএমএমইউয়ের সেন্টর ফর প্যালিয়েটিভ কেয়ার। এ ইউনিটে নিরাময়-অযোগ্য ক্যানসার, পক্ষাঘাতগ্রস্ত, এইডস এবং রোগ নিরাময়ের কোনো সুযোগ নেই এমন মৃত্যুপথযাত্রী রোগীদের প্রশমনসেবা দেওয়া হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, বাংলাদেশে কেউ মারা গেলে ‘আহা-উহু’ করার লোকের অভাব হয় না। কিন্তু মৃত্যুপথযাত্রী রোগীদের সুখপ্রদ মৃত্যুর ব্যবস্থা নিশ্চিতে পরিবার ও সমাজ উদ্যোগ নেয় না।

আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘চিকিৎসাশাস্ত্রের ভাষায় একজন মানুষ যখন প্রায় পরলোকের বাসিন্দা, তখন প্রশমনসেবার দরকার হয়। হয়তো তখন তাঁর শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। প্রবাসী সন্তান হয়তো মা-বাবার মৃত্যুর অপেক্ষায় থাকছে। মারা গেলে জমিজমার ভাগ-বণ্টনের কথা ভাবছে। বাংলাদেশের পারিবারিক সম্পর্ক আগে কাদার মতো ছিল, বন্ধন ছিল। এখন সম্পর্ক হয়ে গেছে বালুর মতো ক্ষণস্থায়ী।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, বিএসএমএমইউয়ে প্রশমনসেবা চালু আছে। কিন্তু ঢাকার বাইরে বিপুলসংখ্যক মানুষ আছেন, যাঁদের এই প্রশমনসেবা প্রয়োজন। তাঁদের কাছে এ সেবা পৌঁছানোর ব্যবস্থা করা জরুরি।

প্রশমনসেবার জন্য পাওয়া আর্থিক সহযোগিতা অপর্যাপ্ত বলে মন্তব্য করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, ‘আমরা কে কত বড় হিন্দু, কে কত বড় মুসলমান, কে কত বড় বৌদ্ধ, কে কত বড় খ্রিষ্টান—তার প্রতিযোগিতা করি। কিন্তু কে কত বড় মানুষ হলাম, সে প্রতিযোগিতায় নামি না।’

প্যালিয়েটিভ কেয়ার সেন্টরের অধ্যাপক নিজামউদ্দিন আহমেদ বলেন, মৃত্যুপথযাত্রী রোগীদের সার্বিক চিকিত্সা এবং এই সেবার ধারণা জাতীয় স্বাস্থ্যব্যবস্থার অন্তর্ভুক্ত হওয়ার দাবি রাখে।

সেমিনারে বলা হয়, বাংলাদেশে শুধু ক্যানসার-আক্রান্ত ৪০ লাখ রোগী আছেন। দুই দশক পর এ সংখ্যা গিয়ে দাঁড়াবে দুই কোটিতে। তাঁদের একটি বড় অংশের প্রশমনসেবা প্রয়োজন হবে। বিএসএমএমইউয়ে এখন মাত্র ১৯টি শয্যা আছে। রোটারি ক্লাব অব মেট্রোপলিটান ঢাকা চিকিৎসাসেবার একটি বড় অংশের ব্যয় নির্বাহ করে। এ ছাড়া জাকাতের টাকাও গ্রহণ করা হয়। এখানে সম্পূর্ণ বিনা মূল্যে প্রশমনসেবা দেওয়া হয়।

পৃথিবীতে প্রতিদিন লাখ লাখ মানুষ অসহনীয় ব্যথা ও যন্ত্রণা নিয়ে মারা যাচ্ছেন। প্রশমনসেবায় মৃত্যুপথযাত্রী রোগীকে তাঁদের ইচ্ছানুযায়ী সেবা দেওয়া হয়। ব্যথা-যন্ত্রণা এবং বিভিন্ন উপসর্গ প্রশমনে ওষুধ সরবরাহ করা হয়। রোগীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ও সমর্থন দিয়ে জীবনের শেষ কটা দিন স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়।