রাজধানীতে বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা বলেছেন, ক্যানসার, হূদেরাগ, শ্বাসতন্ত্রে প্রদাহ, বিকল যকৃৎ বা বৃক্ক, স্নায়ুতন্ত্রের রোগ, দীর্ঘস্থায়ী সংক্রামক ব্যাধি—এসব ক্ষেত্রে প্রশমনসেবা বা পেলিয়েটিভ কেয়ারের দরকার। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এ সেবা অত্যন্ত প্রাথমিক স্তরে রয়েছে। প্রশমনসেবা প্রয়োজন—এমন মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। সুতরাং এ বিষয়ে নীতি ও পরিকল্পনা গ্রহণ জরুরি হয়ে পড়েছে।গতকাল শুক্রবার সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে দ্বিতীয় আন্তর্জাতিক প্রশমনসেবা ও জনস্বাস্থ্য সম্মেলনের বৈজ্ঞানিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), যুক্তরাজ্যের বাথ বিশ্ববিদ্যালয় এবং ভারতের কেরালা রাজ্যের ইনস্টিটিউট অব পেলিয়েটিভ মেডিসিন যৌথভাবে তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন।বৈজ্ঞানিক অধিবেশনের শুরুতে যুক্তরাজ্যের মেলোর হসপিটাল রেক্সামের পরামর্শক গ্রাহাম আর্থারস বলেন, চিকিৎসকেরা সব রোগীকেই আরোগ্য লাভের আশ্বাস দেন। মৃত্যু আসন্ন বা অবশ্যম্ভাবী—এটা অনেক চিকিৎসকই শনাক্ত করতে পারেন না। মৃত্যুর কথা তাঁরা এড়িয়ে যান। চিকিৎসায় কিছু হবে না—এমন রোগীদের জন্যই প্রশমনসেবা।সম্মেলনে বলা হয়, রোগীর যন্ত্রণা হ্রাস বা যন্ত্রণাহীন মৃত্যুর জন্য প্রশমনসেবার চাহিদা বাড়ছে। পৃথিবীর বহু দেশে প্রশমনসেবার প্রচলন শুরু হয়েছে। স্বাগত বক্তব্যে বিএসএমএমইউয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, প্রশমনসেবা প্রসারের জন্য বাইরের প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন।বিএসএমএমইউয়ের সহ-উপাচার্য মোহাম্মদ সহিদুল্লা বলেন, ২০০৭ সালে বিএসএমএমইউতে প্রশমনসেবা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। বাংলাদেশে মৃত্যুপথযাত্রী ৬০ শতাংশ মানুষেরই প্রশমনসেবার দরকার আছে। কিন্তু প্রশমনসেবা বিষয়ে চিকিৎসক, সাধারণ মানুষ ও নীতিনির্ধারকদের জ্ঞানের অভাব আছে। তিনি বলেন, নীতি গ্রহণের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবার সঙ্গে একে যুক্ত করতে হবে।আয়োজকেরা জানান, সম্মেলনে দেশি-বিদেশি প্রায় ১০০ চিকিৎসক ও নার্স অংশ নিচ্ছেন। তিন দিনের সম্মেলনের বিভিন্ন অধিবেশনে প্রায় ৫০টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।ভারতের ইনস্টিটিউট অব পেলিয়েটিভ মেডিসিনের পরিচালক সুরেশ কুমার বলেন, প্রশমনসেবার ক্ষেত্রে পরিবার ও সমাজের ভূমিকা বড়। প্রশমনসেবার দায়িত্ব সমাজের সর্বস্তরের মানুষের—এমন একটি ধারণা কেরালা রাজ্যে জনপ্রিয় হয়ে উঠছে। বহু মানুষ এই সেবার জন্য অর্থায়ন করছে।ওয়ার্ল্ড পেলিয়েটিভ কেয়ার এলায়েন্সের কো-চেয়ার ডেভিড প্রাইল বলেন, প্রশমনসেবার জন্য দরকার জাতীয় নীতি, দরকার পরিকল্পনা ও অর্থায়ন। নীতি, জনসচেতনতা ও সামাজিক অংশগ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।