ঢাকা-আরিচা মহাসড়কের ১১টি বাঁক প্রশস্ত করা ও সড়ক বিভাজকের কাজ বেঁধে দেওয়া সময়ের মধ্যে শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘মন্ত্রী পরিদর্শনে এলে কাজে অগ্রগতি বাড়ে আর চলে গেলে গতি কমে যায়, এটা ঠিক নয়।’ গতকাল শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়ক পরিদর্শনকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় নিহত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদ এবং বিশিষ্ট সাংবাদিক মিশুক মুনীরের দুর্ঘটনাস্থলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে গত ২০ জানুয়ারি যোগাযোগমন্ত্রী এ মহাসড়কটি পরিদর্শন করেন। সংশোধনী: গত শুক্রবার প্রথম আলোয় যোগাযোগমন্ত্রীর বরাত দিয়ে পদ্মা সেতুর অর্থায়নে শিগগিরই চুক্তি হবে মর্মে প্রকাশিত খবরে মন্ত্রীর বক্তব্যের যথার্থ প্রতিফলন হয়নি। প্রকৃতপক্ষে যোগাযোগমন্ত্রী সচিবালয়ে সাংবাদিকদের বলেছিলেন, পদ্মা সেতুতে অর্থায়নের বিষয়ে এ মাসের শেষ দিকে মালয়েশিয়া বাংলাদেশকে আনুষ্ঠানিক প্রস্তাব দেবে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য দুঃখিত।