পিরোজপুরের চরখালী-মঠবাড়িয়া ২৯ কিলোমিটার সড়কের প্রশস্ততা কম হওয়ায় এবং বেশির ভাগ অংশে পাশে মাটি না থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।পিরোজপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বলেন, চরখালী-মঠবাড়িয়া সড়ক দিয়ে প্রতিদিন কয়েক হাজার গাড়ি চলাচল করে। মৎস্যবন্দর পাথরঘাটায় এই সড়ক দিয়ে যেতে হয়। সড়কটি অপ্রশস্ত হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এ ছাড়া বাসমালিকেরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।বাসচালক পান্না মিয়া বলেন, এই সড়কটি ১২ ফুট পাশ হওয়ায় একটি গাড়ি আরেকটি গাড়িকে পাশ কাটাতে গেলে প্রায়ই সড়কের ঢালে নামতে হয়। সরেজমিনে দেখা গেছে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী থেকে মঠবাড়িয়া শহর পর্যন্ত সড়কটির দৈর্ঘ্য ২৯ কিলোমিটার। এই সড়কের প্রায় ২০ কিলোমিটার অংশে সড়কধারে মাটি নেই। সড়কটির বিভিন্ন অংশের পিচ নষ্ট হয়ে গেছে।মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহজাহান হাওলাদার বলেন, কোনো কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে এই সড়ক দিয়ে গেলে গোসল না করে কর্মক্ষেত্রে যাওয়া যায় না। সড়কধারে বেশ কিছু অংশে মাটি নেই। তিনি আগামী বর্ষার আগেই সড়কটি মেরামত ও এর প্রশস্ততা বাড়িয়ে ১৮ ফুট করার দাবি জানান। পিরোজপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী মাহাবুব হায়দার খান বলেন, ২৯ কিলোমিটার সড়কের ১৫ কিলোমিটার পথ ১২ ফুট প্রশস্ত। এই সড়কের ২০ কিলোমিটার সড়কধারে (শোল্ডার) মাটি নেই। বরাদ্দ না থাকায় এ সমস্যার সমাধান করা যাচ্ছে না। তিনি জানান, গুদিঘাটা থেকে বহেরাতলা চার কিলোমিটার সড়কের মেরামতকাজ চলছে। অপরদিকে মাদার্শী থেকে ঝাউতলা বাজার পর্যন্ত চার কিলোমিটার অংশে মেরামতের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে।পিরোজপুর-৩ আসনের সাংসদ আনোয়ার হোসেন বলেন, ‘চরখালী-মঠবাড়িয়া সড়কটি আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। ইতিমধ্যে এই সড়কের একটি প্রকল্প তৈরি করে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে সড়কটি মেরামতসহ সম্প্রসারণকাজ করা হবে। তখন এই সড়কে যানবাহন ও লোকজন চলাচলে দুর্ভোগ লাঘব হবে।’