গাজীপুর সিটি করপোরেশনের গেজেট প্রকাশের প্রায় এক মাস ১০ দিন পর গত মঙ্গলবার প্রশাসক নিয়োগ করা হয়েছে। প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ কামাল। এর আগে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ছিলেন।স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শওকত আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত মঙ্গলবার রাতে প্রশাসক নিয়োগের বিষয়টি জানানো হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে ৭ জানুয়ারি গাজীপুর সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়। এরপর ১৬ জানুয়ারি গাজীপুর সিটি করপোরেশনের গেজেট প্রকাশিত হয়। গেজেট প্রকাশের ১৮০ দিনের মধ্যে করপোরেশনের নির্বাচন হওয়ার কথা। ৫৭টি ওয়ার্ড করার খসড়া প্রস্তাব: জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিটি করপোরেশনের ওয়ার্ড বিভক্তিকরণ ও ওয়ার্ডের সীমানা নির্ধারণে গত ২০ জানুয়ারি জেলা প্রশাসক মো. নুরুল ইসলামকে প্রধান সীমানা নির্ধারণ কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান হুমায়ুন কবির, গাজীপুরে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবদুল্লাহ সাজ্জাদ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফওজিয়া রহমানকে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।সিটি করপোরেশনের সীমানায় সাবেক গাজীপুর ও টঙ্গী পৌরসভার পুরো এলাকা এবং বাসন, কাশিমপুর, পূবাইল, কোনাবাড়ী, কাউলতিয়া ও গাছা ইউনিয়নের বিভিন্ন গ্রাম অন্তর্ভুক্ত হয়েছে। প্রতিটি ইউনিয়নে আগে নয়টি করে ওয়ার্ড থাকলেও নতুন সিটি করপোরেশনে যুক্ত হওয়ায় ওয়ার্ড সংখ্যা কমানো হয়েছে। সাবেক গাজীপুর পৌরসভার ওয়ার্ড সংখ্যা কমলেও টঙ্গী পৌরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানো হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেওয়ান মো. হুমায়ুন কবির গতকাল প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশনকে ৫৭টি ওয়ার্ডে বিভাজনের প্রাথমিক (খসড়া) কার্যক্রম অনেকটাই শেষ পর্যায়ে। এর মধ্যে সাবেক গাজীপুর পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে কমিয়ে আটটি ও টঙ্গী পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে বাড়িয়ে ১৫টি করা হয়েছে। ইউনিয়নগুলোর মধ্যে পূবাইলকে চারটি, কাউলতিয়াকে পাঁচটি; বাসন, কোনাবাড়ী ও কাশিমপুরকে ছয়টি করে ও গাছাকে সাতটি ওয়ার্ডে বিভাজনের প্রস্তাব করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক আরও বলেন, মার্চের প্রথম সপ্তাহে ওয়ার্ড বিন্যাসে আপত্তি নিয়ে গণশুনানি করা হবে। আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত সীমানা নির্ধারণ করে তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে।এদিকে পূবাইল ইউনিয়নকে চারটির বদলে ছয়টি ওয়ার্ডে বিভাজন করার দাবি জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। দাবি আদায়ে এরই মধ্যে ২৩ ফেব্রুয়ারি বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছেন। জেলা প্রশাসন জানায়, গাজীপুর সিটি করপোরেশন দেশের ১১তম সিটি করপোরেশন। প্রায় ৩২৯ দশমিক ৯ বর্গকিলোমিটার আয়তনের এ সিটি করপোরেশনের লোকসংখ্যা প্রায় ২৫ লাখ।