ঢাকা সিটি করপোরেশনে (ডিসিসি) মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব পালনে স্থিতাবস্থার বিষয়ে শুনানি পিছিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর তৃতীয় বেঞ্চে এ শুনানি হয়। আদালত আগামী ৩ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেছেন। এদিকে প্রশাসক নিয়োগসংক্রান্ত সংশোধিত আইনের অংশবিশেষের বৈধতা চ্যালেঞ্জ করে করা অপর একটি রিটের শুনানিও পিছিয়েছে। মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব পালনে স্থিতাবস্থার বিষয়ে শুনানিতে অংশ নিয়ে ড. কামাল হোসেন গতকাল বলেন, ঢাকা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সাংবিধানিক ধারণা নয়। রুল নিষ্পত্তির অপেক্ষায় থাকা অবস্থায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এটা কি সংবিধান ও সুপ্রিম কোর্টের প্রতি শ্রদ্ধা জানানোর পদ্ধতি হতে পারে? ডিসিসি বিভক্তির বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক মেয়র সাদেক হোসেন খোকার করা এক রিট আবেদনে ৩০ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করেন। তবে আদালত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব পালনে স্থিতাবস্থার বিষয়ে বিভক্ত আদেশ দেন। পরে বিষয়টি সুরাহার জন্য প্রধান বিচারপতি ওই বেঞ্চে পাঠান। আদালত ১৫ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন। এর আগে ৪ ডিসেম্বর ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দুজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। রিটের সম্পূরক আবেদনে দুই প্রশাসকের কার্যক্রম পরিচালনায় স্থগিতাদেশ চাওয়া হয়।