কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। গতকাল সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়।
গতকাল সোমবার বিকেল ৪টা ১৩ মিনিটে নগর ভবনে ওই চিঠি আসে। এ সময় বর্তমান মেয়র মো. মনিরুল হক তাঁর দপ্তরে উপস্থিত ছিলেন। আগামীকাল বুধবার সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের মেয়াদ শেষ হচ্ছে।
চিঠিতে উল্লেখ রয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ (২০১১ সালে সংশোধিত) ধারা ২৫-এর উপধারা ১ অনুযায়ী জেলা প্রশাসক অতিরিক্ত হিসেবে সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগ করা হলো। অতিরিক্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি (প্রশাসক) বিধি মোতাবেক দায়িত্বভাতা প্রাপ্য হবেন।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘চিঠির কথা শুনেছি। দাপ্তরিক কাজে আমি এখন ব্রাহ্মণপাড়া উপজেলায় রয়েছি। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করব।’
নগর ভবন সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে জয়ী হন বর্তমান মেয়র মো. মনিরুল হক।