প্রশাসক বসানোর আইন নিয়ে সিদ্ধান্ত ৩০ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের জন্য কোম্পানি আইন সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৩০ অক্টোবর। বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন গতকাল বৃহস্পতিবার তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে সচিবালয়ে গতকাল দুপুরে কোম্পানি আইন বিশেষজ্ঞ তানজিব-উল-আলমের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন বাণিজ্যসচিব। সচিব জানান, আইনজীবীর সঙ্গে কথা বলে তিনি যেটুকু বুঝেছেন, কোম্পানি আইন সংশোধন না করেও ডেসটিনিতে প্রশাসক নিয়োগ দেওয়া সম্ভব। তাই যদি হয়, তাহলে আইন সংশোধনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এদিকে, কোম্পানি আইন সংশোধনের বিষয়ে ৩০ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন পরিচালক নাজমুল আহসান মজুমদার ওই সভায় উপস্থিত থেকে মতামত দেওয়ার জন্য সুবিধাভোগীদের (স্টেকহোল্ডার) কাছে অনুরোধপত্র পাঠিয়েছেন।বাংলাদেশ ব্যাংক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয় (রেজসকো) এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই), বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), মেট্রো চেম্বার, বাংলাদেশ চেম্বার, ঢাকা চেম্বার, উইমেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনটেন্টস বাংলাদেশ (আইসিএবি), ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনটেন্টস বাংলাদেশ (আইসিএমএবি), বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) প্রতিনিধিকে বৈঠকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া বিশিষ্ট আইনজীবী রফিক-উল হক, এম জহির, আমীর-উল ইসলাম, নিহাদ কবির, তানজিব-উল-আলম এবং আইসিএমএবির সাবেক সভাপতি আবদুর রশিদকে বৈঠকে মতামত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বাণিজ্যসচিব সাংবাদিকদের জানান, কোম্পানি আইনের ২৩৩ ধারা অনুযায়ী আদালতের নির্দেশে প্রশাসক নিয়োগের সুযোগ রয়েছে বলে আইনজীবীর কাছ থেকে তিনি শুনেছেন। সচিব বলেন, ‘তবে ৩০ অক্টোবর অনুষ্ঠেয় মতবিনিময় সভায় অংশীদারদের মতামত নিয়েই কোম্পানি আইন সংশোধনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’ গোলাম হোসেন বলেন, সরকারের উদ্দেশ্য হলো ডেসটিনির প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া। গোটা বেসরকারি খাতে প্রশাসক নিয়োগের সুযোগ তৈরির কোনো ইচ্ছে সরকারের নেই। কিন্তু অনেকেই এতে ভুল বুঝেছেন। সরকারি কোনো লোককে প্রশাসক নিয়োগ দেওয়া না-ও হতে পারে বলে জানান সচিব। তিনি বলেন, ডেসটিনিতে এক বা একাধিক প্রশাসক নিয়োগ দেওয়া হবে বেসরকারি খাতের দক্ষ ব্যক্তিদের মধ্য থেকে।ভবিষ্যতে তিন সদস্যের উচ্চপর্যায়ের একটি কমিটি গঠনের পরিকল্পনা করা হচ্ছে বলেও জানান গোলাম হোসেন। তিনি বলেন, ‘এই কমিটিই ঠিক করবে কোন কোম্পানিতে প্রশাসক বসবে, আর কোনটিতে না।’