সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসেবে আবার নিয়োগ পেয়েছেন যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এনামুল কবির। গতকাল রোববার তিনি আবার এই পদে নিয়োগ পান। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন) অশোক মাধব রায় এই নিয়োগের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
এনামুল কবির সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে গত জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে (সদর ও বিশ্বম্ভরপুর) আওয়ামী লীগের মনোনয়ন পান। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে তিনি জেলা পরিষদের প্রশাসক পদ থেকে পদত্যাগ করেন। পরে এই আসনটি জাতীয় পার্টিকে (এরশাদ) ছেড়ে দেয় আওয়ামী লীগ।
এনামুল কবির জানান, তিনি জেলা পরিষদ প্রশাসক থাকাকালে ‘নান্দনিক সুনামগঞ্জ’ স্লোগান নিয়ে জেলার সার্বিক উন্নয়নে কাজ করেছেন। মুক্তিযুদ্ধের চেতনা সর্বস্তরে ছড়িয়ে দিতে জেলার তাহিরপুর ও ধরমপাশা উপজেলার সীমান্তবর্তী টেকেরঘাট ও মহেষখলা এলাকায় দুই কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে দুটি দৃষ্টিনন্দন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণ করেছেন। জেলার বিভিন্ন স্থানে মরমি সাধক রাধারমণ দত্ত, হাসন রাজা, বাউলসম্রাট শাহ আবদুল করিমের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন তিনি।