প্রশাসকের অপসারণ চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালের সামনে পশুর হাট বসানো নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধ শোনেনি স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় বলেছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে চিঠি দিয়ে হাসপাতালের সামনে হাট না বসানোর পরামর্শ দেওয়া হয়েছিল। তারা কেন এটা শোনেনি, তা খতিয়ে দেখা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, হাসপাতালের সামনে গরুর হাট বসানোর অনুমতি দিয়ে ‘ক্রিমিনাল অফেন্স’ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ওই সিটি করপোরেশনের প্রশাসককে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়ে তাঁকে অপসারণের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
রাজধানীর আগারগাঁওয়ের অস্থায়ী পশুর হাট ছড়িয়ে পড়লে ঈদের আগের দিন শেরেবাংলা নগরে অবস্থিত নিউরোসায়েন্স, পঙ্গু ও শিশু হাসপাতালসহ ওই এলাকার আটটি হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয়। এ সময় রোগীরা হাসপাতালে যেতে পারেননি, চিকিৎসক ও নার্সরাও হাসপাতালে ঢুকতে বাধার মুখে পড়েন।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তিন মাস ধরে তিনি হাসপাতালের সামনে যাতে পশুর হাট বসানো না হয়, এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার চিঠি দিয়েছেন এবং অনুরোধ করেছেন। আগামী বছর কোনো হাসপাতালের
সামনে পশুর হাট বসবে না বলেও নতুন করে অঙ্গীকার ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. ফারুক জলিল প্রথম আলোকে বলেন, আগারগাঁওয়ে পশুর হাটে প্রায় দুই লাখ গরু এসেছে। ঈদের আগের দিন দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত গরুর হাট হাসপাতালের সামনে পর্যন্ত ছড়িয়ে পড়ে। শেষ কয়েক ঘণ্টায় গরুর চাপে পরিস্থিতি সিটি করপোরেশনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
তবে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘কোন স্বার্থের বিনিময়ে রোগীদের অন্যায়ভাবে এমন কষ্ট দেওয়া হয়েছে, তা জানি না। তবে এমন দায়িত্বজ্ঞানহীন ও কাণ্ডজ্ঞানহীন ব্যক্তি এমন পদে থাকতে পারেন না।’ গতকাল বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বক্তব্য দেন তিনি।
যুবলীগের এক নেতা শেরেবাংলা নগরের গরুর হাট ইজারা নিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ ব্যাপারে তাঁর দল সিদ্ধান্ত নেবে। তবে ইজারা কে পেল, সেটি বড় কথা নয়। হাসপাতালের সামনে হাট ইজারা দেওয়াটাই ঠিক হয়নি বলে তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপেক্ষার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিম বলেন, ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, এ জন্য তিনি প্রয়োজনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করবেন।
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এম এম নিয়াজউদ্দিন স্বাগত বক্তব্য দেন। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকসহ মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর হাসপাতালের সামনে যাতে গরুর হাট না বসে সে জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে পরামর্শ দেয়। কিন্তু সিটি করপোরেশন জানিয়েছে, হাসপাতালের সামনের জায়গা তারা ইজারা দেয়নি। গরুর সংখ্যা বেড়ে যাওয়ায় হাট হাসপাতালের সামনে চলে যায়।