প্রশাসকের অপসারণ চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালের সামনে পশুর হাট বসানোর অনুমতি দিয়ে ‘ক্রিমিনাল অফেন্স’ (ফৌজদারি অপরাধ) করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। গতকাল বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ওই সিটি করপোরেশনের প্রশাসককে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলেও আখ্যা দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রাজধানীর আগারগাঁওয়ের অস্থায়ী পশুর হাট ছড়িয়ে পড়লে ঈদের আগের দিন শেরেবাংলা নগরে অবস্থিত নিউরোসায়েন্স, পঙ্গু ও শিশু হাসপাতালসহ ওই এলাকার চারটি হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হয়। এ সময় রোগীরা হাসপাতালে যেতে পারেনি, চিকিৎসক ও সেবিকারাও হাসপাতালে ঢুকতে বাধার মুখে পড়েন।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের সামনে যাতে পশুর হাট বসানো না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিন মাস আগে থেকেই বারবার চিঠি দেওয়া হয়েছে। আগামী বছর কোনো হাসপাতালের সামনে পশুর হাট বসবে না বলেও নতুন করে অঙ্গীকার ব্যক্ত করেন স্বাস্থ্যমন্ত্রী।
জানতে চাইলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. ফারুক জলিল প্রথম আলোকে বলেন, আগারগাঁওয়ে পশুর হাটে প্রায় দুই লাখ গরু এসেছে। ঈদের আগের দিন দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত গরু হাসপাতালের সামনে পর্যন্ত ছড়িয়ে পড়ে। শেষ কয়েক ঘণ্টায় গরুর চাপে পরিস্থিতি সিটি করপোরেশনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
তবে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘কোন স্বার্থের বিনিময়ে রোগীদের অন্যায়ভাবে এমন কষ্ট দেওয়া হয়েছে, তা জানি না। তবে কোনো দায়িত্বজ্ঞানহীন ও কাণ্ডজ্ঞানহীন ব্যক্তি এমন পদে থাকতে পারেন না।’
যুবলীগের এক নেতা শেরেবাংলা নগরের গরুর হাট ইজারা নিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে আমার দল সিদ্ধান্ত নেবে। তবে ইজারা কে পেল, সেটি বড় কথা নয়। হাসপাতালের সামনে হাট ইজারা দেওয়াটাই ঠিক হয়নি।’
জানতে চাইলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর আহমেদ প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর হাসপাতালের সামনে যাতে গরুর হাট না বসে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু সিটি করপোরেশন জানিয়েছে, হাসপাতালের সামনের জায়গা তারা ইজারা দেয়নি। গরুর সংখ্যা বেড়ে যাওয়ায় তা হাসপাতালের সামনে চলে যায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপেক্ষার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিম বলেন, ভবিষ্যতে এমন ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য তিনি প্রয়োজনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করবেন।