প্রশাসকের সঙ্গে শামীমের অনুগতদের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কার্যালয়ে গতকাল শনিবার বিকেলে প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক সাংসদ শামীম ওসমানের অনুগত আওয়ামী লীগের নেতারা। তবে এ সভায় জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এস এম আকরাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন না। শহরের মণ্ডলপাড়ায় অবস্থিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ভবনের তৃতীয় তলায় অবস্থিত করপোরেশনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সুধী সমাবেশে শামীম ওসমানের অনুগত নেতা-কর্মীরা সিটি করপোরেশনের নারায়ণগঞ্জ শহর এলাকার উন্নয়নকাজে তাঁদের সহযোগিতা নেওয়ার জন্য প্রশাসকের প্রতি আহ্বান জানান। এ সময় প্রশাসক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহ কামাল বলেন, শুধু আওয়ামী লীগ নয় এবং শুধু নারায়ণগঞ্জ শহর এলাকায় নয়, সিটি করপোরেশনের সব এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সহযোগিতাও তাঁর প্রয়োজন। তিনি তাঁর নিজের ও প্রধান নির্বাহী কর্মকর্তার মুঠোফোনের নম্বরও উপস্থিত সবাইকে দেন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক শাহ কামাল। উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল্লাহ নূরী, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দীপু, নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক খোকন সাহা প্রমুখ।