প্রশাসন ও পুলিশের দূরত্ব কমাতে 'প্রীতি সম্মেলন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসন ও পুলিশের মধ্যে সমন্বয়হীনতা ও দূরত্ব কমাতে প্রজাতন্ত্রের এই দুই অংশের শীর্ষ কর্মকর্তারা ‘প্রীতি সম্মেলন’ করেছেন। এই প্রীতি সম্মেলনের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও ছড়িয়েছে। 
পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের আহ্বানে গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে প্রশাসন ক্যাডারের সংগঠন বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের নিয়ে এই ‘প্রীতি সম্মেলন’-এর আয়োজন করা হয়। সেখানে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা, বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন। সম্মেলনে দুই পক্ষের মধ্যে দূরত্ব কমানোর আহ্বান জানানো হয় বলে উপস্থিত একাধিক কর্মকর্তার সূত্রে জানা গেছে।
জানতে চাইলে পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব সরকার প্রথম আলোকে বলেন, ‘মাঠপর্যায়ে বিভিন্ন জায়গায় পুলিশ ও প্রশাসনের মধ্যে টুকটাক ভুল-বোঝাবুঝি হচ্ছে। এ অবস্থায় পরস্পরের মধ্যে দূরত্ব কমিয়ে আনা এবং জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার বার্তাটি দেওয়ার জন্যই এই প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়।’
ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে মন্ত্রিপরিষদ বিভাগ জেলা প্রশাসকদের ডাকা সভায় সংশ্লিষ্ট সব সদস্যের উপস্থিতি নিশ্চিত করার জন্য কড়াকড়ি অবস্থান নিয়েছে। সে জন্য সভার কার্যবিবরণীর সঙ্গে উপস্থিত এবং অনুপস্থিত সদস্যদের তালিকা দিতে গত ২৬ আগস্ট ডিসিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
মাঠ প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের পর গত কয়েক মাস পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয়হীনতা বেড়ে গেছে। সর্বশেষ ১ সেপ্টেম্বর পৌরসভায় (উপজেলার পুরোনো আদালতের পরিত্যক্ত ভবনে) অস্থায়ী পুলিশ ব্যারাকে বিনা নোটিশে অভিযান চালানোর অভিযোগে চট্টগ্রামের হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে সেখানকার পুলিশ। হাটহাজারীর ট্রাফিক সাব-ইন্সপেক্টর (টিএসআই) মোহাম্মদ মুসলিমের করা অভিযোগটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
এই ঘটনার পর ইসরাত জাহানকে ১৬ সেপ্টেম্বর কাপ্তাই উপজেলায় বদলি করা হয়। গতকাল খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সাংসদ ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের মধ্যস্থতায় বিষয়টি মিটমাট করায় জিডিটি আর সক্রিয় নেই।
পুলিশ ও প্রশাসনের দ্বন্দ্বের বিষয়ে জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার প্রথম আলোকে বলেন, আইনে প্রত্যেকের দায়িত্বের সীমারেখা আছে। কিন্তু কেউ সেই সীমারেখায় থাকছেন না। ফলে এই সমন্বয়হীনতা হচ্ছে।