যশোরের মনিরামপুর উপজেলায় তিন দিনে জামায়াত-শিবির ও বিএনপি ৬২টি পরিবারের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বলার পরও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি খান টিপু সুলতান।গত সোমবার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে বলা হয়, গত শুক্রবার ভোরে পুলিশের ১৩০ সদস্যের একটি দল আসামি গ্রেপ্তারের জন্য মনিরামপুরের জয়পুর গ্রামে অভিযান চালায়। তখন জামায়াত-শিবিরের লোকজন গ্রামে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে প্রচার করে গ্রামবাসীকে সংঘটিত করে পুলিশের ওপর হামলা করে। পুলিশ আত্মরক্ষার্থে ফাঁকা গুলি চালায়। এতে আনিছুর রহমান নামের এক ব্যক্তি মারা যান। কিছুক্ষণ পর পুলিশ এলাকা ছেড়ে আসার পর আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে তাণ্ডব চালানো হয়।টিপু সুলতান অভিযোগ করেন, তাণ্ডবের খবর শুনে দ্বিতীয় দফায় যশোর থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র্যাব ও পুলিশের ২০০ জনের মতো সদস্য মনিরামপুরে যান। কিন্তু তারা ঘটনাস্থলে না গিয়ে মনিরামপুরে বাজারে অবস্থান করে ফিরে আসেন। যার জন্য তাণ্ডব আরও তীব্র হয়। সাংসদ উপজেলার জয়পুর, চান্দুরা, সরসকাঠি ও ঢাকুরিয়া গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, পৌর কমিটির সভাপতি আমজাদ হোসেন প্রমুখ।এ ব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রথম আলোকে জানান, ঘটনার পর এমপির সঙ্গে যোগাযোগ করার জন্য মুঠোফোনে বারবার চেষ্টা করা হয়েছে। কিন্তু তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তিনি দাবি করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যা করা দরকার, তা-ই করা হয়েছে।