বিদেশের দূতাবাসে পাসপোর্ট ও ভিসা উইং
প্রশাসন ক্যাডারের ১৫ কর্মকর্তা প্রথম ও দ্বিতীয় সচিব নিয়োগ
প্রথমবারের মতো বিদেশে বাংলাদেশের ১৫টি দূতাবাসে পাসপোর্ট ও ভিসা উইংয়ে প্রথম ও দ্বিতীয় সচিব পদে প্রশাসন ক্যাডারের ১৫ জন কর্মকর্তাকে নিয়োগ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই পদগুলো নতুন সৃষ্টি করা হয়েছে। এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গতকাল মঙ্গলবার জারি করা হয়েছে।
এই ১৫ জনের মধ্যে প্রথম সচিব পদে খাগড়াছড়ির মহালছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশফাকুল নুমানকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শামীম হোসেনকে নিউইয়র্কে, নূর-এ-মাহবুবা জয়াকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে, শিল্প ও শক্তি বিভাগের সদস্যের একান্ত সচিব (পিএস) মো. মশিউর রহমান তালুকদারকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আল আমীনকে যুক্তরাজ্যের লন্ডনে, কিশোরগঞ্জের কুলিয়ারচরের ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলামকে সিঙ্গাপুরে, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. সাখাওয়াৎ হোসেনকে কানাডার অটোয়ায়, ভোলার তজুমদ্দিনের ইউএনও মুহম্মদ কামরুজ্জামানকে সৌদি আরবের জেদ্দায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. রেয়াজুল হককে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, কুমিল্লার চান্দিনার ইউএনও শেখ ছালেহ আহাম্মদকে ইতালির রোমে, জামালপুরের এডিসি মো. জহিরুল ইসলাম খানকে কুয়েতে, মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব কাজী নুরুল ইসলামকে সৌদি আরবের রিয়াদে, বরিশাল সিটি করপোরেশনের সচিব মো. আবু সাঈদকে ওমানের মাসকাটে, মৌলভীবাজারের কুলাউড়ার ইউএনও মোহাম্মদ নাজমুল হাসানকে কাতারের দোহায়, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ রেজাউল করিমকে যুক্তরাজ্যের বার্মিংহামে দ্বিতীয় সচিব নিয়োগ করা হয়েছে।