প্রশাসন চুপ করে বসে থাকবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্দোলনের নামে জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে প্রশাসন চুপ করে বসে থাকবে না বলে বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রতিমন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
আসাদুজ্জামান খান বলেন, এখন আন্দোলন করে লাভ নেই। জনগণ ধ্বংস নয়, শান্তি চায়। আন্দোলনের নামে ৫ জানুয়ারির নির্বাচনের আগের মতো জ্বালাও-পোড়াও, পেট্রল ঢেলে বাসে আগুন দিয়ে মানুষ হত্যার মতো জঘন্য কাজ করলে সরকার কঠোর পদক্ষেপ নিতে যা যা দরকার, তা-ই করবে।
গোটা আগস্ট মাসকে দেশবাসী শোকের মাস হিসেবে পালন করবে উল্লেখ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি) নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।’
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। দেশে এমন কোনো রাজনৈতিক সংকট সৃষ্টি হয়নি, যার জন্য আন্দোলনের ডাক দেওয়া যেতে পারে।’
‘দেশরত্ন পরিষদ’ নামে একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।