প্রশাসন জনপ্রতিনিধির প্রচেষ্টায় বন্ধ তিনটি বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রশাসন ও সেনগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের হস্তক্ষেপে তিনটি বাল্যবিবাহ বন্ধ হয়েছে। এর মধ্যে দুটি বিয়ের দিন ছিল আজ শুক্রবার এবং একটির দিন ঠিক ছিল মঙ্গলবার।
বন্ধ করে দেওয়া তিনটি বিয়ের দুটি ছিল দস্তমপুর গ্রামে। আরেকটি ছিল নোহালী গ্রামে।
দস্তমপুর গ্রামে আজ শুক্রবার ১৬ বছর ২ মাস বয়সী একটি মেয়ের মা-বাবা তার বিয়ের দিন ঠিক করেন। ২০১৪ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তার লেখাপড়া বন্ধ হয়। বিয়ের দাওয়াতপত্র দেখতে পেয়ে সেনগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখারুল ইসলাম খন্দকারের নির্দেশে গত বুধবার সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য হবিবর রহমান মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন। তিনি গ্রাম পুলিশ দিয়ে মেয়েটির মা-বাবাকে গতকাল বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সারওয়ার মোর্শেদের কার্যালয়ে হাজির করেন। সেখানে মেয়েটির বাবা মেয়ের বয়স ১৮ বছর পূরণ না হলে বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা দেন।
একই দিন নোহালী গ্রামে মা-বাবা দশম শ্রেণির ছাত্রীর বিয়ের দিন ঠিক করেন। বিয়ের দাওয়াতপত্র দেখতে পেয়ে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মেয়ের বাড়িতে গিয়ে গত বুধবার দুপুরে বিয়ে বন্ধের নির্দেশ দেন। ওই দিন সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য খামেদ আলী মেয়েটির বাবাকে সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে হাজির করেন। সেখানে মেয়ের বাবা ‘১৮ বছরের কম বয়সে মেয়ে বিয়ে দেওয়া আইনবিরোধী তা জানতাম না, এখন জানলাম। তাই ১৮ বছর বয়সের আগে মেয়ের বিবাহের কথা মুখেও আনব না’ মর্মে মুচলেকা দেন।
মেয়েটি বলে, ‘আমি পড়তে চাই। কিন্তু মানুষের কথা শুনে আমাকে এসএসসি পরীক্ষার আগেই আমার বাবা বিয়ে দিচ্ছিলেন। চেয়ারম্যান-মেম্বার চাচারা বিয়ে ভেঙে দিলেন। আমি খুবই খুশি। আমি পড়াশোনা করে কলেজের শিক্ষক হতে চাই। সাংবাদিক চাচা, আপনারা আমার খবর নিয়েন।’
দস্তমপুর গ্রামে মা-বাবা আরেকটি মেয়ের বিয়ের দিন ঠিক করেন মঙ্গলবার। মেয়েটির বয়স ১৬ বছর ১ মাস। সে ষষ্ঠ শ্রেণিতে পড়ার পর ঢাকায় কারখানায় কাজ করতে যায়। তার বিয়ের দাওয়াতপত্রও বিলি করা হয়। জানতে পেরে ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার সেনগাঁও ইউপি চেয়ারম্যানকে বিয়ে বন্ধ করার নির্দেশ দেন। ইউপি চেয়ারম্যান সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যকে নিয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে মেয়েটির মা-বাবাকে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে হাজির করেন। সেখানে মেয়ের বাবা ও ছেলের ভগ্নিপতি মুচলেকা দেন।
ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার ইউনিয়নে দীর্ঘদিন থেকে বাল্যবিবাহের প্রবণতা রয়েছে। বিশেষ করে হিন্দু পরিবারের মধ্যে এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে। দেড় মাসে আমি যে ১০টি বাল্যবিবাহ বন্ধ করেছি—তার মধ্যে ৭টিই হিন্দু পরিবারের। মুসলমান পরিবারের ৩টি। এ ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের অনুরোধ জানাই।’