প্রশাসন জুলুম করলে পাল্টা ব্যবস্থা ন্যায়সংগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৮৪ ঘণ্টার হরতাল শেষে নয়াপল্টনে দলের কার্যালয়ে সাংবাদিকদের বিফ্র করছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: ফোকাস বাংলা
৮৪ ঘণ্টার হরতাল শেষে নয়াপল্টনে দলের কার্যালয়ে সাংবাদিকদের বিফ্র করছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: ফোকাস বাংলা

সংবিধান অনুযায়ী বর্তমান সরকারকে অবৈধ দাবি করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকারের নির্দেশে প্রশাসন জনগণের ওপর জুলুম করলে, এর পাল্টা ব্যবস্থা নেওয়া ন্যায়সংগত হবে।
১৮ দলের ডাকা ৮৪ ঘণ্টার হরতাল শেষে আজ বুধবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।
রিজভী দাবি করেন, গত রোববার থেকে শুরু হওয়া ৮৪ ঘণ্টার হরতালে নিহত হয়েছেন দুজন, গ্রেপ্তার হয়েছেন দুই হাজারের বেশি নেতা-কর্মী, আহত হয়েছেন ৫ হাজার ৪০০ জনের বেশি। ২১ হাজারের বেশি নেতা-কর্মীর নামে মামলা দেওয়া হয়েছে।
রিজভী বলেন, পদত্যাগপত্র জমা দেয়ার পরই সংবিধান অনুযায়ী মন্ত্রীদের পদ শূন্য হয়ে গেছে। কিন্তু সরকার এখন নিজেদের অবৈধ অস্তিত্ব বুঝতে পেরে নানা কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছে।
মন্ত্রণালয়ের সচিবসহ কর্মকর্তাদের মন্ত্রীদের কথা অনুযায়ী কাজ না করার অনুরোধ জানান রিজভী।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, সজীব ওয়াজেদ জয় বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে ভিন্ন ধরনের কথা বলবেন বলে তাঁরা আশা করেছিলেন। কিন্তু তাঁর মুখে বিরোধী দলকে নিয়ে যে কথা শোনা যাচ্ছে, তা আওয়ামী লীগের পুরোনো ধাঁচের সংস্কৃতি।

আরেক প্রশ্নের জবাবে রিজভী বলেন, দলীয়ভাবে সাজানোর কারণে প্রশাসন এখনো নিরপেক্ষ আচরণ করছে না।