জামায়াতে ইসলামী বলেছে, প্রশাসনকে দলীয়করণ করার উদ্দেশ্যেই সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বহাল রাখা হচ্ছে। এ ব্যবস্থার সুযোগে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মেধাবী না হয়েও সরকারি প্রশাসনের উচ্চ পদে চাকরি পাচ্ছেন। এর ফলে প্রশাসন মেধাশূন্য হয়ে পড়ছে।
গতকাল শুক্রবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এসব কথা বলেন। কোটাব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনরত ছাত্র-যুবকদের ওপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে তিনি এ বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, মুক্তিযোদ্ধাদের পোষ্য কোটা, জেলা কোটা, মহিলা কোটা, উপজাতীয় কোটা মিলে ৫৫ শতাংশ সংরক্ষণের পর মাত্র ৪৫ শতাংশ চাকরি পূরণ করা হয় মেধার ভিত্তিতে। এর কারণে দেখা যায়, সাধারণ কোটায় ৭৫ থেকে ৮০ শতাংশ নম্বর পেয়েও একজন মেধাবী চাকরি পাচ্ছেন না। অথচ কোটাব্যবস্থার কারণে ৫৫ থেকে ৬০ শতাংশ নম্বর পেয়েও চাকরি পেয়ে যাচ্ছেন। এতে মেধাবীরা বঞ্চিত হচ্ছেন, যে কারণে বাধ্য হয়েই তাঁরা রাজপথে নামেন। বিবৃতিতে হামলাকারীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদান এবং কোটাব্যবস্থা বাতিল ও সংস্কার করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।