রাজশাহীর বাগমারার সেই ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথিত উপাচার্যের (ভিসি) বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। উল্টো আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় উদ্বোধনের কথা বলে মাইকে প্রচারণা চালানো হয়েছে। চার বছর ধরে বন্ধ বাগমারার অর্জুনপাড়া মদিনাতুল উলুম এবতেদায়ি মাদ্রাসায় সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড ঝোলানো হয়। লোকজনকে চাকরি দিয়ে অনুদানের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার জন্য এমন রাতারাতি প্রতিষ্ঠানের জন্ম হয়েছে বলে অভিযোগ ওঠে। গত শনিবার প্রথম আলোয় এ নিয়ে সচিত্র সংবাদ প্রকাশিত হয়। প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি কথিত উপাচার্যের বিরুদ্ধে। তিনি ওই প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এখনো বিভিন্ন দপ্তরে চিঠি দিচ্ছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রেজাউর রহমান বলেন, ‘কী ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তা ভাবছি।’ মাওলানা রফিকুল ইসলাম গতকাল সোমবার আবারও নিজেকে উপাচার্য দাবি করে রাজশাহীর স্থানীয় দৈনিক নতুন প্রভাত-এ বিজ্ঞপ্তি দিয়েছেন। আগের বিজ্ঞাপনে রাষ্ট্রপতিকে চ্যান্সেলর উল্লেখ করা হলেও এবার তা এড়িয়ে যাওয়া হয়েছে। রফিকুল ইসলাম এর সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের বিজ্ঞাপন জাতীয় পত্রিকায়ও দেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের কথিত উপাচার্য রফিকুল ইসলাম আজ প্রতিষ্ঠানের উদ্বোধন ও মিলাদ মাহফিল করা হবে বলে লোকজনকে আমন্ত্রণ জানিয়ে মাইকিং করিয়েছেন। তবে গত রোববার হামিরকুৎসা এলাকায় মাইকিং করার সময় স্থানীয় লোকজন বাধা দেয়। ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ জানান, বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনের মাইকিংয়ের কথা তিনি শুনেছেন। তিনি জানান, রফিকুল ইসলাম কোনো কাগজপত্র দেখাতে পারেননি।