প্রশাসন পূর্বাভাস পেয়েও সক্রিয় হয় না: আনিসুজ্জামান

শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, ‘আমাদের বিবেক, নীতিবোধ কোথায় গেল? আদর্শ কোথায় হারিয়ে ফেললাম? মুক্তিযুদ্ধের চেতনা কোথায় গেল? এটাই বলতে চাই, সাধারণ মানুষ সক্রিয় না হলে শুধু প্রশাসনিক উদ্যোগ দিয়ে সাম্প্রদায়িক ঘটনা বন্ধ করা যাবে না।’
আজ বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত ‘মানবিক সমাজ গড়ার লক্ষ্যে সাম্প্রদায়িকতা ও সামাজিক অনাচার রুখে দাঁড়াও’ শীর্ষক আলোচনা সভায় আনিসুজ্জামান এসব কথা বলেন। তিনি বলেন, ‘প্রশাসন সব সময় ঘটনা ঘটার পরে আসে। ঘটনার পূর্বাভাস পেয়েও সক্রিয় হয় না। রাজনৈতিক নেতারা প্রতিরোধ করে, তা দেখা যায় না। তাই সাধারণ মানুষের প্রতি আহ্বান, আপনারা সক্রিয় হন, তা না হলে বাংলাদেশ থাকবে না।’
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, বেশ কয়েক বছর ধরে ধর্মীয় ও ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক সংখ্যালঘুদের ওপর নির্যাতন একটি রূপ পেয়েছে। অনতিদূরের কেউ এসে ঘটনাগুলো ঘটাচ্ছে। নিকটের মানুষগুলো নিষ্ক্রিয় হয়ে তা দেখছে। তবে ঘটনা ঘটাচ্ছে অল্প কিছু মানুষ। কিন্তু বেশির ভাগ শান্তিপ্রিয় মানুষ যদি তা প্রতিরোধ না করে, তাহলে তাদের ধর্মনিরপেক্ষতা, ন্যায়নীতি বোধের কোনো উপযোগিতা থাকে না। এখন মানুষ কেন দুই কদম এগিয়ে আসছে না, সে প্রশ্ন তোলেন তিনি।
সম্মিলিত সামাজিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন তারিক আলী সভাপতির বক্তব্যে বলেন, ‘বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর জন্য ইন্ধন দেওয়া হচ্ছে। তবে ইন্ধন জুগিয়ে লাভ হবে না। পাকিস্তানের আজকের অবস্থান থেকে শিক্ষা নেওয়ার আছে, কিন্তু আমরা শিক্ষা নিচ্ছি না।’
মানবাধিকারকর্মী সুলতানা কামাল নাট্য আন্দোলনে যুক্ত থাকার অভিজ্ঞতায় বলেন, ‘নাটকের “রিপিট পারফরম্যান্স”-এর মতো ঘটনাগুলো রিপিট হচ্ছে। কোনো রকম প্রতিকার-প্রতিরোধ ছাড়া ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমরা যাঁরা কথা বলছি, তাঁরাও রিপিট পারফরম্যান্স করছি।’
বোধহীনতার কারণেও কোনো জাতি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে উল্লেখ করে সুলতানা কামাল বলেন, সমাজে আচার-অনাচার বোধ কি স্পষ্ট হয়েছে? চার বছরের শিশুকে বস্তায় ভরে মারা হচ্ছে। বিশ্বজিৎকে তাড়িয়ে তাড়িয়ে মারা হলো, থামানোর চেষ্টা বা উদ্যোগ ছিল না। মুক্তিযুদ্ধের চেতনা থেকে একচুল সরলে জনগণ ভোট দেবে না—রাজনৈতিক দলগুলো এভাবে না ভেবে ভাবে রক্ষণশীল হলে জনগণের ভোট পাবে। তাই নিজেদের চেহারাও আয়নায় দেখতে হবে। তরুণ সমাজকেও সিদ্ধান্ত নিতে হবে, তারা কেমন দেশ দেখতে চায়।
সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য বলেন, প্রশাসনে ঘাপটি মেরে থাকা একটি শক্তি বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনায় প্রশ্রয় দিচ্ছে।
শিক্ষাবিদ সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘দেশে যে ঘটনাগুলো ঘটছে, তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নীলনকশায় সব বাস্তবায়িত হচ্ছে। রাষ্ট্র, রাজনীতি, পাঠ্যপুস্তক—সব জায়গায় সাম্প্রদায়িকতার সহায়ক পটভূমিতেই ঘটনাগুলো ঘটছে। রামুতে বৌদ্ধবিহার করে দেওয়া হলো, কিন্তু অভিযুক্ত ব্যক্তিদের বিচার হলো না। সরকার আগাগোড়া নিশ্চুপ। এই মুহূর্তে আত্মবিশ্বাসের সঙ্গে আমি বলতে পারব না, মুক্তিযুদ্ধের বাংলাদেশে বাস করছি।’
নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘চরম বৈপরীত্যের মধ্যে চলছে দেশ। দুর্গাপূজার সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বিভিন্ন প্যান্ডেলে গিয়ে ধর্মনিরপেক্ষতার কথা বলেন। একই সঙ্গে রামুসহ অন্যান্য জায়গার ঘটনাগুলো ঘটছে। কোনো প্রতিকার নেই। দল ভাবে, ভোটে গন্ডগোল হতে পারে। ধর্মীয় অনুভূতির কথা বলে সব অনাচার ঘটতে দিচ্ছি। খেলায় পরিণত হয়েছে। মনে রাখতে হবে, আমার ঘরেও যখন আগুন লাগবে, তখনো কেউ আর আসবে না।’
সম্মিলিত সামাজিক আন্দোলনের জাতীয় সম্মেলন ২০১৭ প্রস্তুতি পরিষদের কো-চেয়ার সারওয়ার আলী বলেন, স্বাধীন, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ বাংলাদেশের চিত্র হচ্ছে, এখানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চালানো নির্যাতনে তারা দেশত্যাগে বাধ্য হচ্ছে।
সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য নূর মোহাম্মদ তালুকদার বলেন, অনেক ঘটনা সরকার, প্রশাসন গ্রাহ্য করছে না। সরকার ও প্রশাসন হালকাভাবে নেওয়ার কারণে জামায়াত-বিএনপি লাভবান হচ্ছে।