প্রশাসন প্রত্যাশা পূরণ করতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসন দেশের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এতকাল ধরে অনেক অপরাধের বিচার হয়নি। এটি অগৌরবের। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান শহীদ বুদ্ধিজীবী দিবসের এক আলোচনায় এসব কথা বলেছেন। গতকাল মঙ্গলবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা ইনস্টিটিউট (নায়েম) শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে স্মরণসভার আয়োজন করে। আলোচনায় প্রধান অতিথির ভাষণে সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, ‘অনেক বছর ধরে বহু বিচার আমরা করতে পারিনি। এ জন্য আমরাও দায়ী। দেশের প্রশাসন সবচেয়ে মেধাবী ছাত্রদের দ্বারা পরিচালিত। তাঁরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান অলংকৃত করেছেন। কিন্তু দেশ যা আশা করেছিল, তা দিতে পারেননি। ভালো ছাত্র হলেই ভালো মানুষ হয় না। আমাদের মানবসম্পদের অভাব রয়ে গেছে। কয়েক বছর ধরে বাংলাদেশের যে প্রবৃদ্ধি হয়েছে, তাতে শিক্ষিত লোকের খুব একটা অবদান নেই। কৃষক, শ্রমিক এবং বিদেশে যাঁরা নোংরা কাজ করছেন, তাঁদের অবদান এটা।’তিনি আরও বলেন, এখন পর্যন্ত পাওয়া হিসাবে মুক্তিযুদ্ধের সময় এক হাজার ১১১ জন বুদ্ধিজীবী নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৯৯১ জনই শিক্ষক। বাঙালি মুসলমানেরা ইংরেজি শিখতে অনেক দেরি করেছে, কিন্তু বরাবরই তাদের শিক্ষার প্রতি টান ছিল। রিকশাওয়ালা, ক্ষুদ্র কৃষকেরাও বাড়িতে জায়গির রাখত। তাই সাধারণের শিক্ষার প্রতি এই অনুরাগের কথা বিবেচনায় রাখতে হবে। বুদ্ধিজীবীদের হারানোর যে শোক, তাকে শক্তিতে পরিণত করতে হবে শিক্ষকদের। শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লা কায়সারের মেয়ে শমী কায়সার শিক্ষকদের সত্য ইতিহাসের শিক্ষা দেওয়ায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি দুঃখ করে বলেন, তাঁর বাবার নিজ গ্রামের শিশুরা জানে না, শহীদুল্লা কায়সার কে ছিলেন। এ বিষয়গুলো তাঁকে ভীষণ ব্যথিত করে।নায়েমের মহাপরিচালক শামসুর রহমানও প্রশিক্ষণার্থীদের বলেন, জাতি গঠনের দায়িত্ব যেহেতু শিক্ষকদের, তাই তাঁদের ওপরই সঠিক তথ্য জাতির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব বর্তায়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, নায়েমের পরিকল্পনা বিভাগের পরিচালক জিয়াউল হাসান, ইডেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক নূরজাহান বেগম, নায়েমের ১২৫তম বুনিয়াদি কোর্সের পরিচালক সেলিনা রওশন, প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক নীলুফার বেগম, প্রশিক্ষণার্থী মো. মামনুর রশীদ ও শেখ আমিনা।