ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন থেকে এক বহিরাগত ব্যক্তিকে আটক করেছে বিশ্ববিদ্যালয় থানার পুলিশ। গতকাল রোববার তাঁকে আটকের পর কুষ্টিয়ার আদালতে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তির নাম তারিকুল ইসলাম ওরফে ঝন্টু। তিনি ঝিনাইদহের শৈলকুপার যুগীপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টার দিকে ঝন্টু প্রশাসন ভবনে উপাচার্যের কার্যালয়ের বাইরে ঘোরাঘুরি করছিলেন। এ সময় খবর পেয়ে বিশ্ববিদ্যালয় থানার এসআই ইকবাল হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ত ম লোকমান হাকিম ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঝন্টু প্রশাসন ভবনের দোতলার একটি শৌচাগারে লুকান। পরে পুলিশ সদস্যদের সহযোগিতায় তাঁকে আটক করা হয়। এরপর প্রক্টর ত ম লোকমান হাকিম তাঁকে পুলিশের হাতে সোপর্দ করেন। পরে দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক কর্মকর্তা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে ঝন্টু এসে বিভিন্ন কার্যালয়ে গিয়ে চাঁদা দাবি করতেন। চাঁদা না পেলে তিনি কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারও করেছেন। এমনকি তাঁদের মারতেও উদ্যত হতেন।
প্রক্টর ত ম লোকমান হাকিম বলেন, ঝন্টুর ব্যাপারে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার অভিযোগ অনেক আগে থেকেই ছিল। এর পরিপ্রেক্ষিতে তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।