প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি বাতিলের দাবিতে উপাচার্যকে তিন দিন অবরুদ্ধ রাখার পর গতকাল বৃহস্পতিবার সকালে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা৷
প্রশাসনের ধার্য করা এক হাজার ২০০ টাকা সেমিস্টার ফি বাতিলের দাবিতে গতকাল সকাল ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে সমবেত হতে থাকেন৷ দুপুর ১২টায় তাঁরা প্রশাসন ভবনের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন৷ এতে শতাধিক কর্মকর্তা-কর্মচারী ভেতরে আটকা পড়েন৷ অনেককে ঝুঁকি নিয়ে ভবনের জানালা দিয়ে বের হতে দেখা যায়৷ পরে বেলা তিনটার দিকে আন্দোলনকারীরা ভবনের তালা খুলে দেন।
বিষয়টি সমাধানের জন্য উপাচার্য শিক্ষক সমিতিকে দায়িত্ব দিয়েছেন৷ সমিতির সভাপতি লুৎফুল হাসান জানান, সেমিস্টার ফি কমিয়ে ৪০০ টাকা করা হলেও শিক্ষার্থীরা মানতে চাইছেন না৷ তবে সমাধানের চেষ্টা করা হচ্ছে৷