প্রশাসন ভবনে ফের ছাত্রলীগের তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দফা দাবিতে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে গতকাল বৃহস্পতিবারও তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে প্রায় ৩০০ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী অবরুদ্ধ হয়ে পড়েন। দুই ঘণ্টার মাথায় ময়মনসিংহ সদর আসনের সাংসদ ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মতিউর রহমান প্রশাসন ভবনের তালা খুলে দেন।বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে নিয়োগ প্রাপ্তদের নিয়োগ বাতিল, শূন্যপদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ এবং অবিলম্বে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলন করছেন। গত বুধবারও এ দাবিতে তাঁরা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন।পূর্বঘোষিত দাবি বাস্তবায়নে গতকাল সকাল ১০টার দিকে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার কয়েক শ নেতা-কর্মী বিক্ষোভ মিছিলসহ ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। মিছিলটি প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। দুপুর ১২টার দিকে সংগঠনের নেতা-কর্মীরা প্রশাসন ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এর পর ভবনের সামনে শুরু হয় বিক্ষোভ সমাবেশ। এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করতে আসা ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাংসদ এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মতিউর রহমানের কাছে তিন দফা দাবিতে স্মারকলিপি দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। সমাবেশে ছাত্রলীগের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তৃতা করেন সাংসদ মতিউর রহমান, সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. আতিকুজ্জামানসহ অন্য নেতারা। সমাবেশে বক্তারা বলেন, সাংসদের অনুরোধে কাল শনিবার পর্যন্ত আন্দোলন স্থগিত করা হলো। সমাবেশ শেষে বেলা দুইটার দিকে সাংসদ মতিউর রহমান প্রশাসন ভবনের তালা খুলে দেন।প্রশাসন ভবনে তালা দেওয়ার বিষয়ে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সারোয়ার মুর্শেদ বলেন, লাগাতার আন্দোলনের অংশ হিসেবেই ওই কর্মসূচি পালন করা হয়। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনে কর্মকর্তা হিসেবে ছাত্রলীগের দক্ষ ও যোগ্যদের নিয়োগের দাবি জানান।প্রশাসন ভবনে অবরুদ্ধ থাকা রেজিস্ট্রার নজিবুর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবি-দাওয়া থাকলে সেগুলো নিয়মতান্ত্রিকভাবেই সমাধান করা উচিত। পরীক্ষা নিয়ন্ত্রক তফাজ্জল হোসেন বলেন, এভাবে আন্দোলন করে শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা ব্যাহত হচ্ছে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম এ সাত্তার মণ্ডল প্রথম আলোকে বলেন, আগের অনিয়মের তদন্তের জন্য কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অচিরেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।