প্রশাসনই ভূমির সমস্যা জটিল করে তুলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে ভূমি বন্দোবস্ত বন্ধ রয়েছে। কিন্তু বান্দরবান জেলা প্রশাসন ভূমির মালিক, মৌজার হেডম্যান, জেলা পরিষদসহ কাউকে না জানিয়ে একজনের জমির মালিকানা বাতিল করে আরেকজনের নামে বন্দোবস্ত প্রদান করছে। এর মাধ্যমে প্রশাসন ভূমি সমস্যা আরও জটিল করে তুলছে। গতকাল শনিবার বোমাং রাজপুণ্যাহ অনুষ্ঠানের দ্বিতীয় দিনে হেডম্যান (মৌজাপ্রধান) ও কার্বারি (পাড়াপ্রধান) সম্মেলনে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের সামনে এ অভিযোগ তোলেন হেডম্যান-কার্বারিরা।
বান্দরবান জেলা শহরের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে বোমাং সার্কেলের রাজা উ চ প্রু চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মারমা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হারুনুর রশিদ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জসীম উদ্দিন। সম্মেলনে তিন শতাধিক হেডম্যান-কার্বারি উপস্থিত ছিলেন।
রোয়াংছড়ির বেক্ষ্যং মৌজার হেডম্যান ক্যশৈ অং মারমাসহ কয়েকজন হেডম্যান বলেন, তিন পার্বত্য জেলায় দীর্ঘদিন ধরে ভূমি বন্দোবস্ত বন্ধ রয়েছে। কিন্তু প্রশাসন মিস কেইসের (ভুল সংশোধনী আবেদন) মাধ্যমে জমির মালিকানা বাতিল এবং ওই জমি পুনরায় আরেকজনের নামে বন্দোবস্ত প্রদান করছে। ভূমিদস্যু চক্র জাল দলিল তৈরি করে জেলা প্রশাসকের কাছে দলিল সংশোধনের আবেদন করে। ওই আবেদনের পর কাউকে না জানিয়ে মালিকানা বাতিল করে বন্দোবস্ত দেওয়া হয়। এভাবে অনেক ভূমির মালিক ভূমিহীনে পরিণত হয়েছেন।
অনুষ্ঠানে বেতছড়া মৌজার হেডম্যান হ্লাথোয়াই হ্রী বলেন, ব্রিটিশ আমলে নির্ধারিত জুম খাজনা বর্তমান সময়ের সঙ্গে সংগতি রেখে ৫৫০ টাকা করা দরকার।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হারুনুর রশিদ বলেন, পার্বত্যবাসীর স্বার্থ সংরক্ষণ করে ভূমি জরিপ হওয়া উচিত। তিনি বলেন, মিস কেইস করে ভূমি বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা এখন বন্ধ রাখা হয়েছে।
প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, ‘অন্যান্য এলাকায় রাজস্ব কমানোর দাবি জানানো হয়। কিন্তু পার্বত্য এলাকার মানুষ রাজস্ব বাড়ানোর জন্য দাবি জানাচ্ছে। এর চেয়ে দেশপ্রেম আর কী হতে পারে?’
অনুষ্ঠানে বোমাং রাজা উ চ প্রু প্রতিটি পাড়ায় সমবায় সমিতি গঠন এবং পার্বত্য এলাকায় শিক্ষার প্রসারে আরও বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।