প্রশাসনকে সজাগ থাকার আহ্বান প্রধান বিচারপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরেন্দ্র কুমার সিনহা
সুরেন্দ্র কুমার সিনহা

সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
গতকাল শনিবার দুপুরে পুরান ঢাকার নারিন্দায় শ্রীশ্রী মাধব গৌড়ীয় মঠের ভক্তি বিলাস তীর্থ ভবনের চতুর্থ ও পঞ্চম তলার নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ আহ্বান জানান৷ এই নির্মাণকাজে আর্থিক সহযোগিতা করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)৷
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ব্রাহ্মণবাড়িয়া, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর হামলা ও তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে একটি গোষ্ঠী। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে হবে৷
প্রধান বিচারপতি বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন রয়েছে। কিন্তু এই ধারাকে বাধাগ্রস্ত করতে কিছু লোক জনগণের সম্পদ লুট করছে। শহরের ফুটপাত অবৈধভাবে দখল করে রেখেছে৷ এতে পথচারীরা ঠিকমতো হাঁটতে পারছে না৷ ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদে বিভিন্ন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন। তাদের এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হলে সহযোগিতা করবে বিচার বিভাগ৷
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, দেশে প্রকৃতির মাধ্যমে ধর্মনিরপেক্ষতা বিরাজমান রয়েছে। কিন্তু একটি গোষ্ঠী সাম্প্রদায়িকতাকে উসকে দিচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।
শ্রীশ্রী মাধব গৌড়ীয় মঠের সভাপতি শ্রী গিরিধারী লাল মোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক তাপস কুমার পাল, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মজুমদার, ইসকন মন্দিরের সভাপতি সত্য রঞ্জন বাড়ৈ প্রমুখ বক্তব্য দেন।