প্রশাসনসহ দেশের সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোরআনখানি, ফাতিহা পাঠ, মিলাদ মাহফিল ও গরিব মানুষের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসূচির মাধ্যমে গতকাল বুধবার রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালন করেছে বিএনপি। গতকাল ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হয়। দুপুরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতা-কর্মীরা। খালেদা জিয়া দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক দেন ও ফাতিহা পাঠ করেন।শ্রদ্ধা জানানো শেষে কবর প্রাঙ্গণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, সাংবাদিকদের দূরত্বে থেকে দায়িত্ব পালন করতে বলায় বোঝা যাচ্ছে, প্রশাসনসহ দেশের সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে নেই। তিনি বলেন, ‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এ বক্তব্যে প্রমাণিত হয় যে পুলিশ কতটা বর্বর আচরণ করছে।’মওদুদ আহমদ বলেন, গণতন্ত্র রক্ষাই এখন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। ১০ জুনের মধ্যে নির্দলীয় সরকারের দাবি মেনে না নিলে ১১ জুন ঢাকার সমাবেশ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।সরকার দাবি না মানলে দেশে সংঘাতের সৃষ্টি হবে কি না, এ প্রশ্নের জবাবে মওদুদ আহমদ বলেন, সরকারের বক্তব্যে মনে হচ্ছে, তারা ১০ জুনের মধ্যে দাবি মানবে না। এতে দেশ সংঘাতের দিকে যেতে পারে, এর জন্য সরকারই দায়ী থাকবে।১১ জুনের সমাবেশ নিয়ে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ষড়যন্ত্র করে ১২ মার্চের সমাবেশ ব্যর্থ করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু পারেনি। ১১ জুনের সমাবেশ ব্যর্থ করার ষড়যন্ত্রও সফল হবে না।জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ওলামা দল কবর প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। খালেদা জিয়া মিলাদে অংশ নেন এবং রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন। পরে রাজধানীর দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন খালেদা জিয়া। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিনা মূল্যে ওষুধ বিতরণও করেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা এম এ মান্নান, জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব বরকত উল্লা, মো. শাহজাহান, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।এ ছাড়া জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়ার গুলশানের বাড়িতে কোরআনখানি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাগরিবের নামাজের পর খালেদা জিয়ার গুলশানের কার্যালয়েও মিলাদ হয়।