প্রশাসনিক আদেশে বিমানকর্মীরা হয়ে গেলেন সরকারি কর্মচারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়করসংক্রান্ত বাংলাদেশ বিমানের এক প্রশাসনিক আদেশে এর কর্মীদের সরকারি কর্মচারী হিসেবে দেখানো হয়েছে। ওই আদেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো বিমানের কর্মীদেরও শুধু মূল বেতনকে করযোগ্য আয় ঘোষণা করা হয়েছে। সেই হিসাবে বেতন থেকে আয়করের টাকাও কেটে রাখা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, পাবলিক লিমিটেড কোম্পানি হওয়ার পরও আয়কর কর্তনসংক্রান্ত পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ও প্রশাসনিক আদেশকে কেন্দ্র করে নতুন জটিলতার মুখে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।শুধু তা-ই নয়, এখন থেকে (চলতি অর্থবছর) বিমানকর্মীদের আয়কর প্রতিষ্ঠান নয়, কর্মীদের নিজেদের বহন করতে হবে। পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, মূল বেতনকে করযোগ্য আয় ধরে, সে হিসাবে কর্মীদের বেতন থেকে আয়করের টাকা কেটে রাখা হচ্ছে গত জানুয়ারি মাস থেকে। একই সঙ্গে গত জুলাই মাস থেকে ডিসেম্বর পর্যন্ত বকেয়া (এরিয়ার) আয়কর টাকাও কেটে রাখা হচ্ছে বলে বিমানের হিসাব শাখা থেকে জানানো হয়েছে। এই নিয়ে কর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।বিমানের পরিচালক (প্রশাসন) রাজপতি সরকারের সই করা প্রশাসনিক আদেশে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের ৮৪তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চলতি অর্থবছর (২০১১-১২) থেকে বিমানের কর্মীদের করযোগ্য আয়ের ওপর কর নিজেদের বহন করতে হবে। সরকারি কর্মচারীদের মতো বিমান-কর্মীদেরও মূল বেতনের (বেসিক) ওপর আয়কর নির্ধারণ করা হবে।জানতে চাইলে বিমানের পরিচালক (প্রশাসন) রাজপতি সরকার প্রথম আলোকে বলেন, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি আয়করসংক্রান্ত ওই প্রশাসনিক আদেশ জারি করেছেন। এই প্রশাসনিক আদেশে বিমান-কর্মীরাও কি সরকারি কর্মচারী হয়ে গেলেন—এ প্রশ্নের জবাবে রাজপতি সরকার কোনো মন্তব্য করতে রাজি হননি। জাতীয় রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত বছর ৪ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীর মূল বেতন করযোগ্য আয় হিসাবে বিবেচিত হবে। অন্য সব সুবিধা ও ভাতাদি করমুক্ত থাকবে। অন্য কোনো প্রতিষ্ঠানের কর্মীরা এ সুবিধা প্রাপ্য হবেন না। সে ক্ষেত্রে পাবলিক লিমিটেড কোম্পানি বিমানের কর্মীরা এই সুবিধা পাবেন না।বিমানের হিসাব শাখার এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, অর্থবছর শেষে আয়কর বিবরণী জমা দেওয়ার পর জটিলতা সৃষ্টি হবে। তখন কর্মীদের মোট বেতনের ওপর আবার আয়কর হিসাব কষে তাঁদের কাছ থেকে আবার টাকা কাটতে গেলে ঝামেলা বাধতে পারে।এদিকে সম্প্রতি বাংলাদেশ পাইলট অ্যসোসিয়েশন (বাপা) বিমান কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। তাতে বলা হয়, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে যে চুক্তির ভিত্তিতে পাইলটরা চাকরি করেন, তাতে বলা আছে, পাইলটদের মোট বেতনের ওপর আয়কর দেবে বিমান কর্তৃপক্ষ। পাইলট নেতাদের অভিযোগ, চুক্তি ভঙ্গ করে এবং সরকারি প্রজ্ঞাপনের ভুল ব্যাখ্যা করে তাঁদের বেতন কাটা হচ্ছে। তাঁদের দাবি, উড্ডয়ন নিরাপত্তার স্বার্থে পাইলটদের মানসিক চাপমুক্ত রাখতে হয়। এই কারণে সব দেশে পাইলটদের আয়কর কর্তৃপক্ষ বহন করে থাকে।বাপার সভাপতি ক্যাপ্টেন এস এম হেলাল প্রথম আলোকে বলেন, তাঁরা এ ব্যাপারে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। আশা করছেন, কর্তৃপক্ষ সরকারি প্রজ্ঞাপন ও বিমানের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।